২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইজডেনের সেরা ক্রিকেটার সাঙ্গাকারা

উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের ২০১৫ সংস্করণের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ পেয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 11:10 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

ভারতের বীরেন্দর শেবাগের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুইবার উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের সেরা হলেন সাঙ্গাকারা। ২০১১ সালেও এই স্বীকৃতি পেয়েছিলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যান।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সাঙ্গাকারা। ওই আসরে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে শ্রীলঙ্কা।

একই বছরে সব ঘরানা মিলিয়ে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের এক বছরে তোলা রানের রেকর্ড ভাঙেন শ্রীলঙ্কার এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০১৪ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২ হাজার ৮৬৮ রান তোলেন সাঙ্গাকারা।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপেও দারুণ এক কীর্তি গড়েন সাঙ্গাকারা। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডের ইতিহাসে টানা চার ম্যাচে শতক করেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

অ্যালম্যানাকের সম্পাদক লরেন্স বুথ বিশ্বকাপে সাঙ্গাকারার চার শতকের প্রসঙ্গ উল্লেখ করে জানান, সাঙ্গাকারাকে সেরা হিসেবে পছন্দ করা স্বাভাবিক ছিল।

উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক এবার প্রথমবারের মতো বর্ষসেরা নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। লিডিং উইমেন ক্রিকেটার অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং।