নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে উত্তরাঞ্চলের জয়
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরের উদ্বোধনী দিনে জয় পেয়েছে উত্তরাঞ্চল। নাসির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে তারা ২ উইকেটে মধ্যাঞ্চলকে হারিয়েছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৯ রান করে মধ্যাঞ্চল। জবাবে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌছে যায় উত্তরাঞ্চল।
দিবা-রাত্রির এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে মধ্যাঞ্চল। তবে শামসুর রহমানের অপরাজিত ৭৬ রানে সে ধাক্কা কাটিয়ে ওঠে দলটি। ১০১ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
দলের দুইশ ছাড়ানো ইনিংস গড়তে অবদান রাখেন মোশাররফ হোসেনও; অপরাজিত ৪১ রান করেন তিনি।
উত্তরাঞ্চলের পক্ষে ২৯ রানে ৩ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৩৫ রানে ২ উইকেট নেন নাসির।
লক্ষ্য ছোট হলেও ইনিংসের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উত্তরাঞ্চল, ৯৩ রানে ৫ উইকেট হারায় তারা। এরপর বিপদে পড়া দলকে জয়ের পথে ফেরাতে ৭৬ রান করেন নাসির।
ম্যাচ সেরা হওয়া নাসির তার ৯৪ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
উত্তরাঞ্চলের পক্ষে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকে।
মধ্যাঞ্চলের পক্ষে ৩ টি করে উইকেট নেন শহীদ ও মোশাররফ হোসেন।
দিনের আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারায় পূর্বাঞ্চল।
