পাকিস্তানকে বিসিবির সোয়া তিন লাখ ডলার ক্ষতিপূরণ
২০১২ সালে পাকিস্তানে দুটি সফর বাতিল করায় সোয়া তিন লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সভা শেষে বিসিবি সভাপতি জানান, ক্ষতিপূরণ দেয়ায় সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।
“পিসিবির দাবি ছিল প্রায় ৯ লাখ ডলার। আমাদের তিন লাখ ডলারের ওপরে দেয়ার ইচ্ছা ছিল না। কিন্তু সব দেখে সোয়া তিন লাখ ডলার ঠিক করেছি। তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, এ নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা বলা যাবে না। এখানে সব পরিষ্কার হয়ে গেলে।”
আইসিসির ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী কোনো দেশে সফর করার প্রতিশ্রুতি দিয়ে তা না রাখলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে।
এর আগে সাংবাদিকদের নাজমুল হাসান জানিয়েছিলেন, ক্ষতিপূরণ দেয়া হলে পিসিবির এতে দাবি-দাওয়ার বিষয়টির সমাপ্তি হবে বলে মনে করেন তিনি।
পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এ বছরের শুরু থেকেই দুই বোর্ডের মধ্যে বিতণ্ডার শুরু হয়।
বাংলাদেশে আসার ক্ষেত্রে পিসিবি দুটি শর্ত দিয়েছিল। বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল তারা। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে পিসিবি। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দিয়েছিলেন হাসান।
এর প্রতিক্রিয়ায় পিসিবি জানিয়েছিল, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল; এবার বাংলাদেশের ফিরতি সফরে যাওয়ার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এই সফর এক হিসেবে পাকিস্তানের ‘হোম সিরিজ’। পাকিস্তানের এই হোম সিরিজের দাবিও মানতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি।
২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলো আর সফর করছে না।
২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।
