আরাফাত সানির নৈপুণ্যে পূর্বাঞ্চলের জয়
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরের উদ্বোধনী দিনে জয় পেয়েছে পূর্বাঞ্চল। আরাফাত সানির বোলিং নৈপুণ্যে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে মমিনুল হকের দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে মাশরাফি বিন মুর্তজার দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় পূর্বাঞ্চল। ৩৮ ওভার ৫ বলে ১২২ রান তুলে অলআউট হয় মাশরাফির দল। ৭ ওভার বল করে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাচ সেরা সানি।
দক্ষিণাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলী। ৮৩ বলের ইনিংসটিতে ৫টি চার ও একটি ছয় মারেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন মোহাম্মদ মিঠুন।
অল্প রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৬তম ওভারের শেষ বলেই লক্ষ্যে পৌঁছে যায় পূর্বাঞ্চল।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে রানআউট হয়ে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত ছিলেন তাসামুল হক। অধিনায়ক মমিনুল হক আউট হন ১৪ রান করে।
দক্ষিণাঞ্চলের পেসার রুবেল হোসেন ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। অধিনায়ক মাশরাফি নেন একটি উইকেট।
