২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারাকে ওয়ানডে চালিয়ে যেতে অনুরোধ

কুমার সাঙ্গাকারাকে তার অবসর নিয়ে সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করেছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী। অসাধারণ এই ব্যাটসম্যানকে আরও একটা বছর ওয়ানডে খেলা চালিয়ে যেতে বলেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 05:22 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

বিশ্বকাপের আগেই সাঙ্গাকারা ঘোষণা দিয়ে রেখেছিলেন, এই বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচটিই হবে ওয়ানডে ক্রিকেটে তার বিদায়ী ম্যাচ। গত ১৮ মার্চ কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। 
 
শ্রীলঙ্কার গলে ২০০০ সালের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে ক্রিকেট শুরু করেছিলেন সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের হারে শেষ হয় তার ক্যারিয়ার।
 
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়ী ম্যাচ শেষে সাঙ্গাকারাকে আরও কিছুদিন ওয়ানডে ক্রিকেট খেলে যাওয়ার অনুরোধ করেন দেশটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। এবার এই অনুরোধ করলেন ক্রীড়া মন্ত্রী নাভিন দিশানায়েকে। 
 

“এই মুহূর্তে ক্রীড়া মন্ত্রী হিসেবে আমি কুমার সাঙ্গাকারাকে বিনীত অনুরোধ করছি, আরেকটা বছর সে দেশের জন্য খেলুক।” শ্রীলঙ্কার ক্রিকেটে কিছু সমস্যা সাঙ্গাকারাকে হতাশ করেছে। দিশানায়েকে মনে করেন, এর জন্যই হয়ত একটু আগেভাগে চলে যেতে চাইছেন সাঙ্গাকারা। তবে সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেটে পরিবর্তন এনেছেন দিশানায়েকে। আর এবার ওয়ানডে ক্রিকেটে টানা চারটি শতক করার রেকর্ড গড়া সাঙ্গাকারা তার সিদ্ধান্ত বদলাতে পারেন বলে মনে করেন তিনি। ১৪ হাজার ২৩৪ রান নিয়ে শচিন টেন্ডুলকারের পরই ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাঙ্গাকারা অবশ্য টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছেন।