২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহাব-ওয়াটসন দ্বৈরথে পন্টিংয়ের মুগ্ধতা

ব্রায়ান লারার পর এবার রিকি পন্টিং ওয়াহাব রিয়াজের সঙ্গে শেন ওয়াটসনের দ্বৈরথের প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কাছে এই দুই জনের ব্যাট বলের লড়াইকে মনে হয়েছে ভালো ক্রিকেটের চূড়ান্ত নির্দশন।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 02:44 PM

Updated : 25 Apr 2022, 01:10 PM

অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের পেসারের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের দ্বৈরথ নিয়ে দ্য অস্ট্রেলিয়ানে লেখা কলামে পন্টিং লেখেন, শুক্রবার রাতে ওয়াহাবের অসাধারণ স্পেলের বিপক্ষে ওয়াটসন বেশি কিছু করতে পারেনি কিন্তু টিকে ছিল। তাদের লড়াইয়ের সময় ক্রিকেট তার সবচেয়ে ভালো নিদর্শনটাই দেখিয়েছে।

অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক জানান, ওয়াটসন হুক শট খেলতে চাননি আর ওয়াহাব তার জীবনটা অতীষ্ট করে দিচ্ছিল।

তবে পরিস্থিতি সামলে টিকে যাওয়া ওয়াটসনকে প্রশংসাও করেন পন্টিং।

টুইটারে ওয়াহাব ও ওয়াটসনও আবার একে অন্যের প্রশংসা করেন।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টুইটে ওয়াহাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পেলটাকে বিশেষ কিছু বলেন। এমন বোলিং তোপ সয়ে নিরাপদে ফেরায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন ওয়াটসন।

আর ওয়াহাব টুইটে বলেন, মাঠে দুই জনের লড়াইটা খুব ভালো জমেছিল। ওয়াটসন ভালো খেলেছিল উল্লেখ করে সেমি-ফাইনালের জন্য তাকে শুভকামনা জানিয়ে রাখেন পাকিস্তানের এই পেসার।

অ্যাডিলেইড ওভালে গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে ওয়াটসন ও ওয়াহাব উত্তপ্ত বাক্য বিনিময় করেন। অস্ট্রেলিয়ার ইনিংসের সময় বাউন্সার আর শট বলে নাকাল হওয়া ওয়াটসনকে লক্ষ্য করে উড়ো চুমু দেন ওয়াহাব, ওয়াটসনও পাল্লা জবাব দিতে দেখা যায়। ম্যাচ শেষে দুই জনকেই জরিমানা করে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি লারা আইসিসির সমালোচনা করে ওয়াহাবের জরিমানার টাকা নিজের পকেট থেকে দেওয়ার কথা বলেন। লারা জানান, বিশ্বকাপের একাদশ আসরের অন্যতম সেরা মুহূর্ত ছিল ওয়াহাব ও ওয়াটসনের বল-ব্যাটের লড়াই।

কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের একাদশ আসরের সেমি-ফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।