২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতায় সন্তুষ্ট অধিনায়ক

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা না থাকা। তবে বিশ্বকাপে এ সমস্যা মাশরাফিদের পথ আগলে দাঁড়াতে পারেনি। তাই দেশে ফিরে বিশ্বকাপে দলের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 11:52 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার অভিজ্ঞতা নিয়ে রোববার দেশে ফেরে বাংলাদেশ দল।

বিমানবন্দরে অধিনায়ক মাশরাফি বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে বলেন, “ধারাবাহিকতা সবচেয়ে জরুরি। এর আগে এখানে সমস্যা ছিল। জিম্বাবুয়ে সিরিজ থেকে আমরা ধারাবাহিক। হার-জিত পরের ব্যাপার; পারফরম্যান্সের গ্রাফটা ভালো। এটা ধরে রাখতে পারলে বেশির ভাগ ম্যাচেই আমরা জিততে পারব।”

গত বছরের শুরুটা ভীষণ বাজে ছিল বাংলাদেশের। ওয়ানডেতে আফগানিস্তান ও টি-টোয়েন্টিতে হংকংয়ের কাছে হারে তারা। তবে বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সিরিজ জিতে ঘুরে দাঁড়ায় চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিশ্বকাপেও টেনে নিয়ে যায় মাশরাফির দল। বিশ্বকাপের একাদশ আসরে গ্রুপ পর্বে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় তারা।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের আসরে ভালো শুরুর জন্য আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মাশরাফিদের। সে লক্ষ্য পূরণের পর স্কটল্যান্ডের বিপক্ষে তিনশ’ রানের লক্ষ্য তাড়া করে পাওয়া জয় কোয়ার্টার-ফাইনালে পথে আরেকধাপ এগিয়ে নিয়ে যায় তাদের। আর ইংল্যান্ডের বিপক্ষে জিতে প্রথমবারের মতো নকআউটে খেলার সুযোগ মেলে বাংলাদেশের।

কোনো জয়কেই পিছিয়ে রাখতে চান না মাশরাফি। চলতি বছর দেশে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস আগামী সিরিজগুলোয় কাজে লাগাতে চান মাশরাফি।

“আমি বিশ্বাস করি, আমাদের প্রতিটি জয় গুরুত্বপূর্ণ ছিল। এই বছর সেরা চার-পাঁচে থাকা দলগুলোর সঙ্গে আমাদের খেলা রয়েছে। আমি বিশ্বাস করি, খেলোয়াড়রা যে আত্মবিশ্বাস নিয়ে এসেছে, পুরো বছরই তা কাজে লাগবে।”

টুর্নামেন্টে বাংলাদেশের ভালো খেলায় দারুণ অবদান মাশরাফির। দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন দেশসেরা এই পেসার। দলের ভালো করার কোনো কৃতিত্ব এককভাবে নিতে রাজি নন তিনি।

“এটা ছিল পুরোপুরি দলীয় প্রচেষ্টা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। সবাই এক সাথে ছিলাম। উপভোগ করার চেষ্টা করেছি।”