ভারতীয় বন্ধুদের সঙ্গে লড়াই ম্যাক্সওয়েলের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে অনেক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেই সখ্যতা গড়ে উঠেছে গ্লেন ম্যাক্সওয়েলের। ওই সব বন্ধুর বিপক্ষে মাঠে লড়াই করাটা বেশ কঠিন বলে মনে করেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
ওই ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ম্যাক্সওয়েল তার ভারতীয় ক্রিকেটার বন্ধুদের কথা উল্লেখ করেন।
আইপিএলের তিনটি দল দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ম্যাক্সওয়েলের। আর এই দলগুলোতে খেলার সময় অনেক ভারতীয়র সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে বলে জানান ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তাদের অনেকেই সিডনির আগামী ম্যাচে থাকবে প্রতিপক্ষ রূপে।
ভারতীয় সেসব বন্ধুদের বিপক্ষে খেলার অনুভূতি কী হতে পারে, সে প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, “তাদের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তারা বন্ধু হওয়া সত্ত্বেও মাঠে আপনাকে লড়াই করতে হবে। আপনাকে এভাবে খেলার চেষ্টা করতে হবে যেভাবে আপনি আপনার সবচেয়ে বড় শত্রুর বিপক্ষে সবসময় খেলেন।”
পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারিয়ে ভারত সেমি-ফাইনালে ওঠে।
