অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলিকে স্বরূপে পাওয়ার আশা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে স্বরূপে ফিরতে দেখতে চায় তার সতীর্থরা। দলের সেরা ব্যাটসম্যান বড় উপলক্ষে জ্বলে উঠবে বলে বিশ্বাস করে ভারতের সমর্থকরাও।
এই বিশ্বকাপে ৭ ম্যাচে ৬০.৮০ গড়ে ৩০৪ রান করেন কোহলি। এর মধ্যে একটি শতকও আছে। কোনো ব্যাটসম্যানের জন্যই এটা খুব খারাপ পরিসংখ্যান নয়। কিন্তু বিরাট কোহলি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, এর সঙ্গে তুলনা করলে বিশ্বকাপটা ভালো যাচ্ছে না তার।
আগামী বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সহ-আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত। দলের প্রয়োজনে সেদিন কোহলিকে আসল রূপে দেখার অপেক্ষায় আছেন দেশটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
“আমি মনে করি না, সে খারাপ ব্যাটিং করেছে। সুযোগ পেলেই রান করেছে সে। এমন নয় যে, সে যতবারই উইকেটে যাবে ততবারই শতক করবে। কিন্তু সবাই তার পারফরম্যান্সকে টেস্ট সিরিজের সঙ্গে মেলাচ্ছে এবং প্রতি ইনিংসে তার কাছে শতক আশা করছে।”
১৫৭ ম্যাচে প্রায় ৫২ গড়ে রান তুলেছেন কোহলি, শতক আছে ২২টি। সবশেষ শতকটি করেন এই বিশ্বকাপেই, অ্যাডিলেইডে পাকিস্তানের বিপক্ষে। এরপর ৪৬, অপরাজিত ৩৩, অপরাজিত ৪৪, ৩৮ ও ৩ রান করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডের ফর্মটা কোহলি ফিরে পাবেন বলেই মনে করেন ধোনি।
