ওয়াহাবের জরিমানা দেবেন লারা!
পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের জরিমানা নিজের পকেট থেকে দেওয়ার কথা বলেছেন ব্রায়ান চার্লস লারা। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ওয়াহাব ও ওয়াটসনের জরিমানা ইস্যুতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সমালোচনাও করেছেন।
ওয়াহাব ও ওয়াটসনের জরিমানার বিষয়টি ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে লারা জানান, আইসিসি কি ভাবছে, সেটা তিনি নিজেও বুঝতে পারছেন না। ৫০ ওভারের ক্রিকেটের দিকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষের ফেরানোর জন্য এমন দ্বৈরথ দরকার বলেও জানান তিনি।
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তারকার মধ্যে অ্যাডিলেইডের লড়াইটা নিজেরও ভালো লেগেছে জানিয়ে লারা বলেন, “তার (ওয়াহাব) সঙ্গে দেখার করার জন্য আমার তর সইছে না। রিয়াজ ছেলেটার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি জরিমানা দেব।”
অ্যাডিলেইডে অস্ট্রেলিয়া-পাকিস্তান কোয়ার্টার-ফাইনালে ওয়াহাব ও শেন ওয়াটসনের দ্বৈরথ দারুণ জমেছিল। পেস ঝড়ে ওয়াটসনকে কোণঠাসা করার পর অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে লক্ষ্য করে উড়ন্ত চুমু ছোঁড়েন ওয়াহাব; এমনকি করতালিও দেন তিনি।
ম্যাচ শেষে ওয়াহাবের আচরণ ‘আপত্তিকর’ উল্লেখ করে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করে আইসিসি। আর পাল্টা জবাব দেওয়া ওয়াটসনের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়।
আইসিসির সমালোচনা করে লারা আরও জানান, ক্রিকেটারদের কাজ দর্শকদের মনোরঞ্জন করা। ওয়াহাব ও ওয়াটসনের দ্বৈরথ তাই ক্যারিবীয় এই সাবেকের কাছে আচরণবিধির লঙ্ঘন নয়, বরং বিশ্বকাপের একাদশ আসরের চোখে লেগে থাকার মতো অন্যতম মুহূর্ত।
ওয়াহাবের বলে ওয়াটসনের কোণঠাসা হয়ে থাকার দৃশ্যটির স্মৃতিচারণ করে লারা বলেন, “একজন ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি বেগে বোলিংয়ের জন্য দৌড়াচ্ছে এবং ওয়াটসনকে মনে হচ্ছিল স্কুল পড়ুয়া ছেলে।”
কোয়ার্টার-ফাইনালে ওয়াহাবের পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে ওয়াটসনের অস্ট্রেলিয়া।
