২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ম্যাচে সবুজ উইকেটের অপেক্ষায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সঙ্গে ভারতের ব্যাটিং লাইনআপের লড়াই-দুই দেশের সেমি-ফাইনালের ম্যাচটিকে অনেকেই দেখছেন এভাবে। অস্ট্রেলিয়া দলও ভারতকে পেস বোলিংয়ে ধরাশায়ী করতে চায়। এই কারণেই হয়ত সিডনিতে পেস বোলিং সহায়ক উইকেটের অপেক্ষায় আছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 04:58 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালের ম্যাচটি আগামী বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে। এই মাঠের উইকেট এমনিতে স্পিন সহায়ক। আর এটা বিবেচনা করেই পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক ভারতকে এগিয়ে রাখেন। 
 
ভারতের কয়েকজন বিশ্বমানের স্পিনার আছে বলে উল্লেখ করে মিসবাহ এটাও দেখিয়ে দেন অস্ট্রেলিয়া দলে জাভিয়ের ডোহার্টি ছাড়া তেমন কোনো স্পিনার নেই। আর ডোহার্টিও এই বিশ্বকাপে মাত্র একটি ম্যাচই খেলেন। 
 
অস্ট্রেলিয়াও তাদের শক্তির জায়গাটা জানে। কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারানো ম্যাচেও পেসাররাই ভালো করে। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জস হেইজেলউড। সিডনির উইকেট সবুজ দেখতে চান তিনি। 
 
"দ্রুতগামী বোলারদের জন্য মানানসই হওয়ার জন্য আমরা অবশ্যই চাইব উইকেটে কিছু ঘাস থাকুক।"
অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সতীর্থের কণ্ঠেই কণ্ঠ মেলান। 
 
"আশা করছি আমরা দ্রুত গতির উইকেট পাব। এই বছর এটা ভালো উইকেট এবং আশা করছি কিছু ঘাসও থাকবে।"