আস্থার প্রতিদান দিলেন গাপটিল
বড় উপলক্ষে নিউ জিল্যান্ড দলে কে জ্বলে উঠতে পারে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে ব্রেন্ডন ম্যাককালামের দিকেই তাকিয়ে ছিল সবাই। কিংবদন্তি মার্টিন ক্রো বলেছিলেন কেন উইলিয়ামসনের কথা। কেউ আবার রস টেইলরের ওপর আস্থা রাখছিলেন। কিন্তু শেষাবধি এদের কেউ জ্বলে উঠতে পারেননি।
টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের মতো দুজন সুইং বোলার থাকতেও টস জিতে ম্যাককালামের ব্যাটিং নেওয়াটা বিস্ময় হয়েই এসেছিল সবার কাছে। পঞ্চম ওভারে আকাশে বল তুলে কভার অঞ্চলে ধরা পড়ে ফিরে যান নিউ জিল্যান্ড অধিনায়ক।
নিউ জিল্যান্ডের আকাশে তখন হাহাকার ওঠে-নকআউট ম্যাচ, প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে হবে এবং যিনি জাদু দেখাবেন, তিনিই চলে গেলেন। এরপর চলে গেলেন আরেক বাজির ঘোড়া উইলিয়ামসনও।
বড় উপলক্ষে দলের সবচেয়ে প্রয়োজনের সময় এগিয়ে এলেন মার্টিন গাপটিল। পুরো ৫০ ওভার ব্যাট করলেন নিউ জিল্যান্ডের উদ্বোধনী এই ব্যাটসম্যান। ব্যাট হাতে রচনা করলেন নতুন ইতিহাস। ক্রিস গেইলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়লেন তিনি।
এই বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন গেইল। অপরাজিত ২৩৭ রানে সেই রেকর্ড মুছে দিলেন গাপটিল। রোহিত শর্মার ২৬৪ রানের পর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান মাঠেই অভিনন্দন পান গেইলের।
“সে আমার কাছে আসল এবং বলল, ‘অভিনন্দন, (দ্বিশতক) ক্লাবে স্বাগতম’।” ম্যাচ শেষে গেইলের কাছ থেকে পাওয়া অভিনন্দনের কথা এভাবেই বলেন গাপটিল।
ওয়েস্ট ইন্ডিজের সেমি-ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া ইনিংসটি খেলার পথে মারলন স্যামুয়েলসের হাতে ৪ রানে ‘জীবন’ পেয়েছিলেন গাপটিল। এরপর আর পেছন ফিরে তাকাননি গাপটিল।
শুরুটা দেখেশুনেই করেছিলেন নিউ জিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৬৪ বলে করেন প্রথম ৫০ রান। এরপরই স্ট্রোকের পসরা মেলে ধরেন তিনি। দ্বিতীয় অর্ধশতকটি করেন ৪৭ বলে। শতকের পথে একটিও ছয়ও মারেননি তিনি।
শতক পাওয়ার যেন বিধ্বংসী হয়ে ওঠেন গাপটিল। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছান মাত্র ২৩ বলে, পরের অর্ধশতকটি আরও বিধ্বংসী-মাত্র ১৮ বলে।
অনেকেই হয়ত অনেক তত্ত্ব দেবেন-এখনকার ভারী ব্যাট, ছোটো বাউন্ডারি আর বাজে বোলিং। তবে এটাও মনে রাখতে হবে, তার এই ইনিংসের ১১টি ছক্কার দুটিই ১০০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করে। আর এই ইনিংসটি খেলার পথে গাপটিল প্রথাবিরোধী শট খুব বেশি খেলেননি। ক্রিকেটের ব্যাকরণ মেনেই ব্যাটিং করেন তিনি।
গাপটিলের ইনিংস শেষ হতে না হতেই ওয়েস্ট প্যাকের গ্যালারিতে তার নাম ধ্বনিত-প্রতিধ্বনিত হতে শুরু করে। ইনিংস শেষ করে তিনি যখন ফিরছেন, পুরো মাঠই তখন গাপটিলময় হয়ে ওঠে। ৩০ হাজার দর্শক তার নামে স্লোগান দিতে থাকে।
এই ইনিংসটি খেলার আগেই গাপটিল নিউ জিল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন। ২০১৩ সালে সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ রান করেছিলেন তিনি।
এতকিছুর পরও নিউ জিল্যান্ড দলে ভরসা হিসেবে উচ্চারিত হওয়া প্রথম সারির নাম গাপটিল নয়। সাউদি, বোল্ট, ড্যানিয়েল ভেটোরি, ম্যাককালাম, উইলিয়ামস, টেইলর- এরাই এগিয়ে থাকেন। তবে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মানুষ গাপটিলেরও ওপরও ভরসা রাখেবেন।
কিছুদিন আগেও গাপটিলের সামর্থ্য নিয়ে মানুষ একটু ধোয়াশার মধ্যেই ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই অপরাজিত ১৮৯ আর এখন অপরাজিত ২৩৭ রানের মধ্যে বাজে সময়ই কেটেছে তার। এই সময়টায় মাত্র ২৭.৫৭ গড়ে রান তোলেন তিনি। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে খারাপ খেলার পর তার বদলে টম ল্যাথামকে দিয়ে ইনিংস উদ্বোধন করানোও হয়।
নিউ জিল্যান্ড টিম ম্যানেজমেন্ট অবশ্য শেষাবধি তার ওপরই ভরসা রাখে। বিশ্বকাপেও গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের শেষ ম্যাচের আগে পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি গাপটিল।
শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৪৯ রান করেন তিনি। এরপর স্কটল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন যথাক্রমে ১৭, ২২ ও ১১ রান। এরপর আফগানিস্তানের বিপক্ষে করেন ৫৭ রান।
এরপরও গাপটিলে ভরসা রাখে নিউ জিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ১০৫ রান করে দলকে জেতান তিনি। আর এখন বড় উপলক্ষে বড় ইনিংস খেলে সেই ভরসার প্রতিদান দিলেন গাপটিল।
