শতক না পাওয়ার দুঃখ নিয়ে ওয়ানডেকে বিদায় মিসবাহর
অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মিসবাহ-উল হক। বিদায় বেলায় লম্বা ক্যারিয়ারে একবারের জন্যও শতকের স্বাদ না পাওয়ার দুঃখের কথাও জানান পাকিস্তানের অধিনায়ক।
অ্যাডিলেইড ওভালে শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ৬ উইকেটের হেরে যায় পাকিস্তান। বিশ্বকাপের সহ-আয়োজকদের কাছে হারের পরই ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মিসবাহ।
চেষ্টার কমতি ছিল না; কিন্তু ওয়ানডেতে কখনোই ইনিংসে তিন অঙ্কের রানের নাগাল পাননি মিসবাহ। বিদায় বেলায় তাই এই না পাওয়ার বেদনা তুলে ধরে তিনি বলেন, “আমার ইচ্ছা ছিল (ওয়ানডে শতক করা) কিন্তু এটা আসেনি। এটার জন্য আমি সবোর্চ্চ চেষ্টা করেছি; কিন্তু এলো না এবং এটা হতাশাজনক।”
১৬২ ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার ১২২ রান করেন মিসবাহ। ওয়ানডেতে ৪২টি অর্ধশতকের ইনিংস আছে তার। দুইবার নড়বড়ে নব্বইয়ের ঘরে গিয়ে আউট হন তিনি। ওয়ানডেকে বিদায় বলে দেওয়ায় ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভালে খেলা ৯৬ রানের অপরাজিত ইনিংসটিই মিসবাহ ব্যক্তিগত সর্বোচ্চ হয়ে থাকল।
ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পেরুতে হয়েছে মিসবাহকে। তবে ক্যারিয়ারের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪ রান করা এই ব্যাটসম্যান জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারের পাওয়া, না-পাওয়া মিলিয়ে তিনি খুশি।
২০০৭ সালে লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটসম্যানের। ক্যারিয়ারে পাকিস্তানকে ৮৭টি ওয়ানডেতে নেতৃত্ব দেন মিসবাহ। ব্যাটসম্যান হিসেবে আলো ছড়াতে না পারলেও অধিনায়ক হিসেবে তার ব্যর্থতার চেয়ে সাফল্যের পাল্লা ভারী। মিসবাহর অধিনায়কত্বে ৪৫টি ওয়ানডে জয় পায় পাকিস্তান আর ৩৯ ম্যাচে হারে তারা। বাকি তিন ম্যাচের দুটি টাই ও একটিতে ফল হয়নি।
তাই বিদায়বেলায় লম্বা সময় জাতীয় দলের সঙ্গে থাকতে পারার তৃপ্তি আছে মিসবাহর, “দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল আসলেই সম্মানের। ক্রিকেট উপভোগ করেছি এবং দেশকে আমার সবটুকু দিয়েছি।”
অবসরের সিদ্ধান্ত নতুন করে ভেবে দেখবেন না বলেও জানান মিসবাহ। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের পরিকল্পনা বলেছেন এবং তাদের জানিয়েছেন, নতুনদের কাঁধে দায়িত্ব দেওয়ার সময়ও এসেছে।
ওয়ানডেতে শতক না পাওয়ার দুঃখ থাকলেও সুখের মুহূর্ত যে মিসবাহর একেবারে নেই, তা নয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে সিরিজ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তাদের মাটিতে হারানোর মুহূর্ত ‘বিশেষ’ বলে জানান তিনি।
২০১২-১৩ মৌসুমে ভারতের বিপক্ষে তাদের মাঠেই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে পাকিস্তান। আর ২০১৩ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাঠে তিন ম্যাচে সিরিজ ২-১ ব্যবধানে জয় করে মিসবাহর পাকিস্তান।
ওয়ানডের পাঠ চুকিয়ে দিলেও অবশ্য টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানান চল্লিশ বছর বয়সী মিসবাহ।
