প্রোটিয়াদের কিছু ফিরিয়ে দেওয়ার তৃপ্তি ‘পাকিস্তানের’ তাহিরের
দক্ষিণ আফ্রিকাকে কিছু ফিরিয়ে দেয়ার আনন্দে ভাসছেন ইমরান তাহির। সিডনিতে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে পাকিস্তানে জন্ম নেওয়া দক্ষিণ আফ্রিকার এই স্পিনার তার তৃপ্তির কথা জানান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবারের কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কার চার ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ সেরার পুরস্কার পান তাহির। দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে জয়ের পর ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় এই লেগস্পিনার জানান, নিজের দায়িত্বটুকু পালন করতে পেরে খুশি তিনি।
তাহির বলেন, “আমি দক্ষিণ আফ্রিকার কাছ থেকে সবকিছু পেয়েছি। তাই আমি সবসময় বলি, আমাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে। আমি শুধু নিজের ভূমিকাটা পালনের চেষ্টা করি; এটা আমার জন্য সম্মানের এবং আমি এটা ভালোবাসি।”
পাকিস্তান দলের দরজা না খোলায় শেষ পর্যন্ত ইমরান তাহির পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। দীর্ঘ অপেক্ষা শেষে প্রোটিয়া দলে সুযোগ পাওয়ার পর থেকে প্রতিদান দিয়ে চলেছেন পাকিস্তানে জন্ম নেয়া এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এ পর্যন্ত ১৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন তিনি।
এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ডেল স্টেইন-সময়ের অন্যতম সেরা অনেক ক্রিকেটারই খেলেন দক্ষিণ আফ্রিকা দলে। এই সব সতীর্থের সঙ্গে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার বলেও জানান তাহির।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান তাহির। তবে নিজের সাফল্যের জন্য সতীর্থ বোলারদেরও প্রশংসা করতে ভোলেননি তিনি। ২৭ বছর বয়সী এই স্পিনার জানান, সতীর্থ পেসাররা যদি শুরুর কাজটা না করে দিত, তাহলে তার জন্য সাফল্য পাওয়া সহজ হতো না।
