২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন ট্রট

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রট। বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 11:15 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

১৮ মাস আগে ব্রিসবেনে হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের পর 'চাপজনিত অসুস্থতার' কারণে দেশে ফিরে যান ট্রট। এরপর ইংল্যান্ডের হয়ে আর খেলেননি ৩৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার। 

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত ট্রট বলেন, "আমি অভিভূত, বিশেষ করে যখন আমি অনেকগুলো ম্যাচ খেলিনি। এটা ভালো যে, মানুষ আমার মধ্যে কিছু দেখেছে।"

১৬ সদস্যের এই দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ অ্যাডাম লিথ ও মার্ক উড এছাড়াও ডাক পেয়েছেন ৫টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা লেগ স্পিনার আদিল রশিদ।

বাংলাদেশের কাছে হেরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ এপ্রিল। দ্বিতীয় টেস্ট ২১ এপ্রিল আর তৃতীয় ও শেষ টেস্ট ১ মার্চ শুরু হবে।   

ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, ক্রিস জর্ডান, অ্যাডাম লিথ, লিয়াম প্লানকেট, জো রুট, আদিল রশিদ, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, মার্ক উড।