হেরেও সুখের বিদায় সাঙ্গাকারার
কুমার সাঙ্গাকারার শুরু আর শেষটা এক বিন্দুতে মেলেনি। ওয়ানডে ক্রিকেটের শুরুটা জয় দিয়ে করলেও বিদায় নেওয়ার ম্যাচে হেরে গেছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার কাছে কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কা হেরে গেলেও সুখের একটা অনুভূতি নিয়ে বিদায় নেওয়ার কথা বলেছেন সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার গলে ২০০০ সালের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে ক্রিকেট শুরু করেছিলেন সাঙ্গাকারা। বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে তার দল।
দক্ষিণ আফ্রিকার কাছে হারের দিন 'ধ্রুপদী' ব্যাটসম্যান সাঙ্গাকারা ৪৫ রান করেন। এই বিশ্বকাপে নিজের রান নিয়ে যান ৫৪১ রানে।
এই রান করার পথে টান চারটি শতক করে অনন্য এক ইতিহাস রেকর্ড গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে এর আগে টানা চারটি শতক করতে পারেননি কেউই।
"হেরে যাওয়াটা হতাশার। কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো একটি দলের বিপক্ষে জেতার জন্য সত্যি ভালো করতে হয়। …আমরা আজ (বুধবার) অতটা ভালো ছিলাম না। কোয়ার্টার-ফাইনালে কেউ হারতেই পারে। এটা বাঁচা-মরার ম্যাচ। হতাশা আমাদের ক্যারিয়ারের অংশ।"
১৪ হাজার ২৩৪ রান নিয়ে ওয়ানডে ক্রিকেটে শচিন টেন্ডুলকারের পর সাঙ্গাকারাই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা টেস্ট ক্রিকেটটা খেলে যাবেন আরও কিছু দিন।
শ্রীলঙ্কার ক্রিকেটকে ভালো অবস্থানে রেখে যেতে পারছেন বলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার ম্যাচে হেরে যাওয়ার পর নিজেকে সুখী মনে করছেন সাঙ্গাকারা।
"আমি নিশ্চিত, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আমি যেখান থেকে শুরু করেছিলাম; শ্রীলঙ্কার ক্রিকেট তার চেয়ে অনেক এগিয়েছে। আমি মনে করি, আমাদের ছেলেরা খুব ভালো করবে।"
শ্রীলঙ্কা দলের গুরুভারও এখন যোগ্য লোকের ওপর আছে বলে মনে করেন সাঙ্গাকারা।
"আমি মনে করি, দল খুব ভালো হাতে আছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস শুরু থেকেই অসাধারণ একজন নেতা।"
সাঙ্গাকারার সতীর্থ এবং ভালো বন্ধু মাহেলা জয়াবর্ধনেও ওয়ানডে ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সিডনিতে। ৪৪৮ ম্যাচে ১২ হাজার ৬৫০ রান, জয়াবর্ধনের ওয়ানডে ক্রিকেটে এখানেই যতি পড়ল।
এই দুই অসাধারণ ব্যাটসম্যান আর প্রিয় দুই বন্ধু একই সঙ্গে ক্রিকেটের রঙিন দুনিয়াকে বিদায় বললেন, যাদের অভাব শুধু শ্রীলঙ্কা নয় পুরো ক্রিকেট বিশ্বই বোধ করবে।
