২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক করে ডুমিনির ইতিহাস

শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দারুণ কৃতিত্ব দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। প্রোটিয়াদের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 12:44 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার এই কীর্তি গড়ার পথে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, নুয়ান কুলাসেকারা ও থারিন্দু কৌশলকে আউট করেন ডুমিনি।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এটা দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন উইকেট নেন ইংল্যান্ডের স্টিভেন ফিন।

হ্যাটট্রিকের উচ্ছ্বাসে ডুমিনি ইনিংস বিরতির সময় বলেন, “কখনই আসলে হ্যাটট্রিকের কাছাকাছি আসিনি; তাই আমি দারুণ খুশি।”

ইনিংসের ৩৩তম ও নিজের অষ্টম ওভারের শেষ বলে ম্যাথিউসকে ফিরিয়ে হ্যাটট্রিকের পথে যাত্রা শুরু করনে দুমিনি। প্রোটিয়া দলের এই বাঁহাতি স্পিনারের বলে মিড-উইকেটে ফাফ দু প্লেসিকে সহজ ক্যাচ দেন শ্রীলঙ্কা অধিনায়ক।

নিজের নবম আর ইনিংসের ৩৫তম ওভারে ইতিহাস গড়ার পথে প্রথম ও দ্বিতীয় বলে কুলাসেকারা ও কৌশলকে সাঝঘরের পথ দেখান ডুমিনি। অফ স্টাম্পের একটু বাইরে বল তাড়া করতে গিয়ে কুইন্টন ডি কককে ক্যাচ দেন কুলাসেকারা আর কৌশল এলবিডব্লিউ হয়ে যান।

বিশ্বকাপের সব আসর মিলে এটি নবম হ্যাটট্রিকের ঘটনা। ডুমিনি ও ফিনের আগে বিশ্বকাপে ৬ জন বোলার ৭টি হ্যাটট্রিক করেন। ১৯৮৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ভারতের চেতন শর্মা।

শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক করেন- ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর ২০১১ সালে কেনিয়ার বিপক্ষে।

২০১১ বিশ্বকাপে আরও একটি হ্যাটট্রিক হয়, নেদারল্যান্ডসের বিপক্ষে সেটি করেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একমাত্র হ্যাটট্রিকটি শ্রীলঙ্কার চামিন্দা ভাসের। এটি তিনি করেছিলেন ২০০৩ সালে। একই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্রেট লি হ্যাটট্রিক করেন কেনিয়ার বিপক্ষে।

বিশ্বকাপে হ্যাটট্রিক করা বোলারদের সংক্ষিপ্ত তালিকায় একমাত্র স্পিনার পাকিস্তানের সাকলাইন মুশতাক।