বিশ্বকাপ শেষ ইরফানের
অস্ট্রেলিয়া ম্যাচের আগে দুঃসংবাদটা পেলই পাকিস্তান। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাদের অন্যতম বোলিং ভরসা মোহাম্মদ ইরফানের।
মঙ্গলবার পাকিস্তান দলের ফিজিও ব্র্যাড রবিনসন এক বিবৃতিতে জানান, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইরফান।
সোমবার একটি এমআরআই স্ক্যান করানো হয় ইরফানের। পরে মঙ্গলবার আরেকটি স্ক্যান করানো হয় এই দীর্ঘদেহী পেসারের। তাতে দেখা গেছে, বাঁহাতি পেসারের ‘পেলভিসে স্ট্রেস ফ্র্যাকচার’ রয়েছে।
আগামী শুক্রবার অ্যাডিলেইড ওভালে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।
এর আগে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ইরফান ডান নিতম্বে ব্যথা অনুভব করায় অ্যাডিলেইডে এমআরআই স্ক্যান করানো হয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচে খেলতে পারেননি ইরফান। পিসিবির এক কর্মকর্তা সে সময় জানিয়েছিলেন, এই চোটে বিশ্বকাপ শেষ হয়ে যেতে ইরফানের।
৩২ বছর বয়সী ইরফান এ পর্যন্ত দেশের হয়ে ৪৫টি ওয়ানডে খেলে ৬৫টি উইকেট নেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিপদে পড়া পাকিস্তানের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রয়েছে ইরফানের। পাঁচ ম্যাচে ৮ উইকেট নেয়া এই পেসার ওয়ানডে সেরা টুর্নামেন্টে ওভার প্রতি দিয়েছেন মাত্র ৪.৫৩ রান।
