২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ পর্বেই ৩৫ শতক!

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে রানের ফোয়ারা আর একের পর এক শতকের ইনিংস যেন প্রমাণ করে দিচ্ছে, এখনকার ওয়ানডে ক্রিকেট ব্যাটসম্যানদেরই খেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বিশ্বকাপের প্রথম আসরে শতক হয় মাত্র ৬টি। আর এক আসরে সর্বোচ্চ শতকের আগের রেকর্ডটি (২৪টি) গড়া হয় ২০১১ সালে। ৩৫টি শতকে এবার গ্রুপ পর্বেই নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ।

গ্রুপ পর্বের ৪২ ম্যাচে হওয়া ৩৫টি শতকে আধিপত্য শ্রীলঙ্কার; বিশ্বকাপের গত দুই আসরের রানার্সআপ দলটির ব্যাটসম্যানরা খেলেছে ৮টি শতকের ইনিংস। দক্ষিণ আফ্রিকা ৫টি, ভারত ৪টি, ওয়েস্ট ইন্ডিজ ও অস্টেলিয়ার ব্যাটসম্যানেরা ৩টি করে শতক পেয়েছেন।

দুটি করে শতক করা দেশের তালিকায় আছে বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আর একটি করে শতক আছে নিউ জিল্যান্ড, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের।

ব্যক্তিগত শতকের তালিকায় সবার ওপরে আছেন কুমার সাঙ্গাকারা। টানা চারবার তিন অঙ্কের রান তুলে ওয়ানডেতে ইতিহাস গড়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের আগে বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেও কেউ টানা চার শতক পাননি।

দুটি করে শতক আছে বাংলাদেশের মাহমুদুল্লাহ, ভারতের শিখর ধাওয়ান, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলেরের। এই চার জনের মধ্যে মাহমুদুল্লাহ আবার দারুণ কীর্তি গড়েছেন; বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ শতক পাওয়া ছাড়াও টানা দুই ম্যাচে তিন অঙ্কের রান তোলার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে এখনো সাত ম্যাচ বাকি। শতকের রেকর্ড তাই আরো ভারি হওয়ার সম্ভাবনা ভালোভাবেই থাকছে।

অথচ বিশ্বকাপের গত দশ আসরের শতকের পাতায় চোখ দিলে দেখা যাচ্ছে, এবার গ্রুপ পর্বে যা হয়েছে, তা কোনো আসরের পুরোটা মিলেও হয়নি! ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপে যেমন শতক হয়েছিল মোটে ৬টি। বিশ্বকাপের প্রথম শতক ইংল্যান্ডের ডেনিস অ্যামিসের।

১৯৭৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে বোলারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ইংল্যান্ডের ওই আসরে কেবল ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি গর্ডন গ্রিনিজ ও স্যার ভিভ রিচার্ডস একবার করে তিন অঙ্কের ইনিংস উপহার দিতে পেরেছিলেন। এখন পর্যন্ত এটাই সবচেয়ে কম শতকের (২টি) বিশ্বকাপ।

তৃতীয় বিশ্বকাপে শতকের সংখ্যা একটু বেড়ে ৮টি হয়। আর ১৯৮৭ সালে বিশ্বকাপের চতুর্থ আসরে শতকের সংখ্যা আরেকটু বেড়ে হয় ১১টি। শতকের সংখ্যা বাড়ার এই ধারাবাহিকতা আবার পরের আসরে থাকেনি। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে ৮টি শতকের ইনিংস দেখার সুযোগ পায় ক্রিকেটপ্রেমীরা।

১৯৯৬ বিশ্বকাপে শতকের সংখ্যা বেড়েছিল বেশ। উপমহাদেশের এই আসরে ১৬টি শতকের ইনিংসের দেখা মিলেছিল। তবে ১৯৯৯ সালের আসরে শতকের সংখ্যা কমে যায়, সেবার ১১টি তিন অঙ্কের ইনিংসের দেখা মিলেছিল।

২০০৩ বিশ্বকাপ থেকে উল্লেখযোগ্যভাবে শতকের ইনিংস বাড়তে থাকে; অষ্টম আসরে শতকের সংখ্যা প্রথমবারের মতো কুড়ি পেরিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-কেনিয়ার ওই আসরে ২১টি শতক হয়েছিল। পরের বিশ্বকাপে শতক হয় ২০টি। আর ২০১১ সালে উপমহাদেশের বিশ্বকাপ শতকের রেকর্ড (২৪টি) গড়ে। ব্যাটসম্যানদের দাপটে এবার সে রেকর্ড ভাঙল গ্রুপ পর্বেই।