গেইলকে ফিরে পাওয়ার অপেক্ষায় উইন্ডিজ
ধুঁকতে ধুঁকতে কোয়ার্টার-ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজ এখন বড় স্বপ্ন দেখছে। আর তাদের এই স্বপ্ন পূরণের মূল কারিগর হতে পারেন ক্রিস গেইল। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ আটের ম্যাচের আগে উদ্বোধনী এই ব্যাটসম্যানের পিঠের ব্যথা থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন দলটির অধিনায়ক জ্যাসন হোল্ডার।
গত রোববার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার ম্যাচে খেলতে পারেননি গেইল। তাকে ছাড়াই অবশ্য আমিরাত-বাধা পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী শনিবার অকল্যান্ডে স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ আটের ম্যাচটি জিততে গেইলকে খুব প্রয়োজন হোল্ডারের।
“গত বছর থেকে ক্রিসের (ক্রিস গেইল) সেই একই পিঠের সমস্যা। কখনো সে ভালো থাকে, কখনো খারাপ। অবশ্যই সে আমাদের মূল খেলোয়াড় এবং কোয়ার্টার-ফাইনালের পথে তার ফিটনেস ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ।”
হোল্ডার মনে করেন, দলের সেরা ব্যাটসম্যান সময় মতো ঠিকই সেরে উঠবেন। আর শতভাগ সেরে না উঠলেও দলের প্রয়োজনে গেইল এগিয়ে আসবেন বলেই বিশ্বাস তার।
“এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং সে বড় মাপের খেলোয়াড়। আর আপনারা জানেন, বড় উপলক্ষে বড় খেলোয়াড়রা কি করতে পারে। আমি নিশ্চিত, শতভাগ ফিট না থাকলেও সে এই ম্যাচে থাকবে।”
পুরানো পিঠের ব্যথায় ভুগতে থাকা গেইলের এই বিশ্বকাপটা যাচ্ছে রোলার-কোস্টারের মতো। কখনো ওপরে উঠছেন তো, কখনো আবার নামছেন তলানিতে। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে প্রথম দ্বিশতকের রেকর্ড গড়ে ২১৫ করেন তিনি। এই বিশ্বকাপে তার ৫০ পেরোনো ইনিংসও এই একটিই!
