অস্ট্রেলিয়াকে হারাতে দৃঢ়প্রত্যয়ী মিসবাহ
কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানোর প্রশ্নে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। ইরফান-রিয়াজরা শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারবে বলেও জানান তিনি।
অ্যাডিলেইড ওভালে রোববার আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর মিসবাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচ নিয়ে কথা বলেন। নিজেদের দিনে সেরাটা দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিতে চান তিনি।
আপনি কি অস্ট্রেলিয়াকে হারাতে পারবেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেন, “হ্যাঁ। অবশ্যই, কেন নয়। আপনি বলতে পারেন, নির্দিষ্ট দিনে, যে দল ভালো খেলবে, তারা জিততে পারে।”
আগামী শুক্রবার অ্যাডিলেইড ওভালেই বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এ ম্যাচের আগে ক্লার্ক-ওয়ার্নারদের সুইং বলে দুর্বলতা নিয়ে আলোচনা চলছে।
মিসবাহ জানান, নতুন বলে ইরফান-রিয়াজরা সুইং পেলে তা হবে বাড়তি পাওয়া। আর তা না পেলেও তার সতীর্থ বোলাররা যদি ১৪০ বা ১৫০ কিলোমিটার বেগে, নিখুঁত লাইন লেন্থে বোলিং করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারবে পাকিস্তান।
শেষ আটের লড়াই অ্যাডিলেইডে বলে এ ম্যাচের চাপ মাইকেল ক্লার্কের দলের ওপর বলেও জানান মিসবাহ। পাকিস্তান অধিনায়ক বলেন, “আপনারা জানেন, তারা ফেভারিট। তারা তাদের নিজেদের কন্ডিশনে খেলছে, তো চাপ তাদের ওপর থাকবে। অবশ্যই প্রতিটি দল জিততে চায় এবং আমি মনে করি, আমরাও ভালো করতে চাই।”
