২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মিসবাহ

ধুঁকতে ধুঁকতে কোয়ার্টার-ফাইনালে উঠে এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মিসবাহ-উল হক। আয়ারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পা রাখার পর পাকিস্তানের অধিনায়ক বলেন, তারাও বিশ্বকাপ জিততে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান।

ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারে তারা। তবে এরপর আর ম্যাচ হারেনি পাকিস্তান। পেছনের দিকে না তাকিয়ে দল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান মিসবাহ।

ঘুরে দাঁড়ানো পাকিস্তান বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতে পারে বলেই বিশ্বাস পাকিস্তান অধিনায়কের।

"হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বকাপ জিততে পারি। আমরা গতি পেয়ে গেছি।"

আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টপঅর্ডার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে। শতক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এরপরও বিশ্বকাপ জয়ের জন্য মিসবাহ তার বোলারদের দিকেই তাকিয়ে আছেন।

"বোলিং খুবই ভালো হচ্ছে, ব্যাটসম্যানরাও তাদের কাজটা শুরু করছে। ম্যাচের দিন যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের বোলিং লাইনআপ যে কোনো দলকেই বিস্ময় উপহার দিতে পারে।"