পাকিস্তান ম্যাচে ‘চাপ’ নিতে চান না পোর্টারফিল্ড
পাকিস্তান ম্যাচে অন্য সমীকারণ নিয়ে বেশি ভেবে চাপ নিতে চান না আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তবে, আর সব ম্যাচের মতো সাফল্যের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি।
অ্যাডিলেইডে রোববার গ্রুপের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। জিতলে কোনো হিসাব ছাড়াই পুল ‘বি’ থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেব আয়ারল্যান্ড। তবে হারলেও সুযোগ থাকবে উভয় দলের। সেক্ষেত্রে পরাজিত দলকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দিকে।
পোর্টারফিল্ড অবশ্য এতসব নিয়ে ভাবতে রাজি নন, “আমি মনে করি, কেবল ম্যাচটা খেলতে হবে। আপনার সামনে যে প্রতিপক্ষ আছে, তাকে হারানোর প্রস্তুতি নিতে হবে।”
২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল আয়ারল্যান্ড। অ্যাডিলেইডের ম্যাচটি তাই পাকিস্তানের জন্য প্রতিশোধের উপলক্ষ। অন্যদিকে কিংসটনের পুনরাবৃত্তির সুযোগ আইরিশদের সামনে।
পোর্টারফিল্ড অবশ্য পাকিস্তানের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে ভাবছেন না। তার পুরো মনোযোগ নিজের দল নিয়ে, “আমরা শুধু আমাদের নিয়ে ভাবছি। অবশ্যই, সবাই জানে কি পাওয়া যেতে পারে। আমরা কেবল মাঠে নেমে দুই পয়েন্ট পাওয়া নিয়ে চিন্তা করছি।”
২০০৭ সালের পর আয়ারল্যান্ড অনেকটা এগিয়েছে উল্লেখ করে পোর্টারফিল্ড জানান, তারা যেমন প্রতিপক্ষ সম্পর্কে জানেন, একইভাবে তার দলকে জানে সবাই; আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর রাখঢাকের সুযোগ নেই।
পাকিস্তানের বোলিং লাইনআপকে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের আসরের অন্যতম শক্তিশালী ধরা হচ্ছে এখন। তবে পোর্টারফিল্ড প্রতিপক্ষের পেসারদের সামলে জয়ের প্রস্তুতি নেওয়ার কথা জানান শনিবার।
“আমরা এখনও প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
