২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শিরোপা জিততে আত্মবিশ্বাসী ক্লার্ক

গ্রুপ পর্বে কী হলো বা হলো না, অস্ট্রেলিয়া দলে এ নিয়ে আর কোনো ভাবনা নেই। তারা সবাই এখন নকআউট পর্ব নিয়ে ভাবছে। তিনটি ম্যাচ বাকি আছে, এই তিন ম্যাচ জিতে শিরোপা-উৎসব করার ব্যাপারে আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক মাইকেল ক্লার্ক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 07:04 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া। 
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বিশ্বকাপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার অধিনায়ক নকআউট পর্ব নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বকাপ জয়ের প্রত্যয়ের কথা জানান। 
 
“তিনটি ম্যাচ, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা জিততে পারি।”
 
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কয়েক দফায় বৃষ্টি হলেও শেষ পর্যন্ত ওভার কাটা হয়নি। তবে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি স্কটিশরা। 
 
মিচেল স্ট্যার্ক ও প্যাট কামিন্সের ভালো বোলিংয়ে ২৫.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় স্কটল্যান্ড। স্ট্যার্ক ৪.৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন। আর কামিন্স ৭ ওভার বল করে ৪২ রান খরচায় পান ৩ উইকেট। 
 
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বোলারদের পারফরম্যান্সে নিজের খুশি হওয়ার কথা বলেন ক্লার্ক। 
 
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩টি উইকেট হারিয়ে ফেললেও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট ক্লার্ক জয়টাকেই বড় করে দেখছেন।  
 
“জেতাটা সবসময়ই দারুণ। কোয়ার্টার-ফাইনালের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আছে বলে আমি মনে করি না।”