২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্য টেইলরের ইতিহাস

হয়ত তিনি জিম্বাবুয়ের হয়ে আর খেলবেন না কখনও;  তবে জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে তার নামটি ঠিকই খোদাই করা থাকবে চিরদিন। ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শতক করে দেশটির ক্রিকেট ইতিহাসে অনন্য এক উচ্চতায় উঠে গেছেন ব্রেন্ডন টেইলর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 12:16 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

শনিবার নিউ জিল্যান্ডের অকল্যান্ডে ভারতের বোলিং লাইনআপকে দিশেহারা করে ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নেন টেইলর। দারুণ এই ইনিংসে অ্যালিস্টার ক্যাম্পবেলকে (৭টি) ছাড়িয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ শতক করা ব্যাটসম্যানও হয়ে গেছেন তিনি। 

বিশ্বকাপে টেইলরের এটি টানা দ্বিতীয় শতক। এর আগে এমন কীর্তি গড়তে পারেননি জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান। বিশ্বকাপের ইতিহাসে টানা শতক আছে আর আটটি।

১১০ বলে  ১৫টি চার আর  ৫টি ছক্কায় ১৩৮ রানের ইনিংসটি টেইলরকে আরও একটি উচ্চতায় তুলে দিয়েছে। জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৪০০ রানের মাইলফলক পেরিয়েছেন টেইলর। ৬ ম্যাচে ৭২.১৬ গড়ে ৪৩৩ রান করে আপাতত এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন টেইলর।

টেইলরের এই শতকের কল্যাণেই ভারতের বিপক্ষে অলআউট হওয়ার আগে ২৮৭ রান করতে পারে জিম্বাবুয়ে।  ১৩ রানে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ইনিংস যখন পথহারা হতে চলেছিল, তখন উইকেটে আসেন টেইলর।

টেইলর আসার খানিক পরই সলোমন মায়ার আউট হয়ে ফেরেন। চোটে পড়া এল্টন চিগুম্বুরার জায়গায় এই ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়া টেইলর এরপর জুটি গড়েন শন উইলিয়ামসের সঙ্গে। চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

ইনিংস মেরামত করার পর টেইলর নজর দেন স্কোরটা বড় করার দিকে। পঞ্চম উইকেটে ক্রেইগ আরভিনকে নিয়ে তোলেন ১০৯ রান। ১৩.২ ওভারের জুটিতে ৮.১৭ গড়ে রান তোলেন তারা। এই জুটিতে টেইলরেরই অবদান ৮৪ রান।

৬৪ বলে অর্ধশতক পূর্ণ করা টেইলর শতকে পৌঁছান ৯৯ বলে। এতেই বোঝা যায় শেষ দিকে ভারতের বোলারদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। ৪২তম ওভারে মোহিত শর্মার পঞ্চম বলে আউট হওয়ার আগের ওভারে টেইলের বিধ্বংসী রূপ দেখেছে ভারত।

রবিন্দ্র জাদেজার করা ইনিংসের ৪১তম ওভারটিতে ২৫ রান তোলে জিম্বাবুয়ে। এর মধ্যে তিন চার আর দুই ছক্কায় ২৪ রানই করেন টেইলর।  

জিম্বাবুয়েকে আনন্দের এত উপলক্ষ এনে দেওয়ার পরও সে দেশের ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হতে পারে। তাদের এত কিছু এনে দেওয়া টেইলরকে যে আর দেশের হয়ে ক্রিকেট খেলতে দেখতে পারবেন না তারা।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারে হয়ে তিন বছরে জন্য খেলার চুক্তির কারণে জিম্বাবুয়েকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ২৯ বছর বয়সী টেইলর।

অসাধারণ এই ইনিংস খেলে আউট হয়ে ফেরার সময় সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও বাড়তি অভিনন্দন পান টেইলর।