সংখ্যায় বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ
নিউ জিল্যান্ডের কাছে হারলেও লড়াই করেছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা দ্বিতীয় শতক পেয়েছেন মাহমুদুল্লাহ। দেখে নেওয়া যাক, উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আরো কিছু পরিসংখ্যান।
২: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দুই জন ব্যাটসম্যান টানা শতক করেছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ এই কীর্তি গড়ার আগে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে শতক করেছিলেন শাহরিয়ার নাফীস। জিম্বাবুয়ের বিপক্ষে ১২৩ ও ১০৫ রান করেছিলেন তিনি। তবে নাফীসের শতক দুটি ছিল ভিন্ন দুই টুর্নামেন্টে-প্রথমটি ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দ্বিতীয়টি বাংলাদেশে হওয়া দ্বি-পাক্ষিক সিরিজে।
৮: বিশ্বকাপের ম্যাচে টানা শতক করার কৃতিত্ব আছে মোট আট জন ব্যাটসম্যানের। মাহমুদুল্লাহর আগে এই কৃতিত্ব দেখান কুমার সাঙ্গাকারা, মার্ক ওয়াহ, রাহুল দ্রাবিড়, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও সাইদ আনোয়ার।
৩৪৪: টানা দ্বিতীয় শতক করে মোট ৩৪৪ রান নিয়ে এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ রান ছিল ২১৬, ২০০৭ বিশ্বকাপে ৯ ইনিংস খেলে ওই রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
৩: এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচে ৫০-এর বেশি রান করলেন মাহমুদুল্লাহ। শুক্রবারের অপরাজিত ১২৮ রানের ইনিংসের আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করেছিলেন তিনি।
২৮৮: হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের ২৮৮ রান নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
১২: এই বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম ১০ ওভারে ২০.০৮ গড়ে মোট ১২ উইকেট নিয়েছে নিউ জিল্যান্ড। প্রথম ১০ ওভারে আর কোনো দলই ১০ উইকেটের বেশি নিতে পারেনি।
৪: এই ম্যাচে প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ ৪ রান করে, ২০০২ সালের শুরু থেকে ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে যে কোনো দলের এটা দ্বিতীয় সর্বনিম্ন রান। সবচেয়ে কম রান হলো ৩, ২০০৬ সালে অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ ওই রান করেছিল।
৬২: অষ্টম থেকে চতুর্দশ- এই ৭ ওভারে বাংলাদেশ মোট ৬২ রান করে; যেখানে প্রথম ৭ ওভারে তাদের রান ছিল মাত্র ৮।
১৯.৪৭: এটা বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ওডিআই ব্যাটিং গড়। ১৮ ইনিংসে মাত্র দুটি অর্ধশতক আছে এই কিউই ব্যাটসম্যানের, আর অপরাজিত ৮০ রান তার সর্বোচ্চ ইনিংস।
২৯০: নিউ জিল্যান্ডের ২৯০ রান এই বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জেতার উদাহরণ। এই তালিকার আগের তিনটি স্কোর হলো, স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪ উইকেটে ৩২২, ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ১ উইকেটে ৩১২ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের ৬ উইকেটে ৩০৭।
