২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা পাঁচে মাহমুদুল্লাহ

টানা দুই ম্যাচে শতক হাঁকিয়ে এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। পাঁচ ইনিংসে ৮৬ গড়ে মোট ৩৪৪ রান করেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 12:12 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বিশ্বকাপের একাদশ আসরে দুটি শতক ছাড়াও একটি অর্ধশতকের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২৩ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রান করেন মাহমুদুল্লাহ। মাঝে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপরই মিডলঅর্ডার এই ব্যাটসম্যানের দুর্দান্ত পথচলার শুরু।

নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জেতা ম্যাচে ৬২ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ। আর ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচে দেশের হয়ে বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকান তিনি; করেন ১৩৮ বলে ১০৩ রান।

ইংলিশদের হারিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।

আর এবার টুর্নামেন্টের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে অপরাজিত ১২৮ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় উপরের সারিতে উঠে এলেন মাহমুদুল্লাহ।

৬ ইনিংসে ৪টি শতকের সাহায্যে ৪৯৬ রান করে এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রান ৪১৭। আর ৩৯৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার আরেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান।    

পুরনো খবর:

কোয়ার্টার-ফাইনাল রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ
স্পিনারদের কাছে আরেকটু বেশি প্রত্যাশা ছিল সাকিবের
বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসায় সাউদি