২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে চমকের অপেক্ষায় আফগানিস্তান

ইংল্যান্ডের চাওয়া সান্ত্বনার জয় আর শেষের আগে চমকের অপেক্ষায় আছে আফগানিস্তান। বিশ্বকাপের পুরনো দল ইংল্যান্ড বনাম নবাগত আফগানিস্তানের ম্যাচটি তাই উত্তেজনার বাড়তি মাত্রা পাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 10:43 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বিশ্বকাপের একাদশ আসরের গ্রুপ পর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। দুটি দল শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে।

ঐতিহ্যের পাল্লায় অনেক এগিয়ে ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিশ্বকাপের প্রেক্ষাপটে আর সাফল্য-ব্যর্থতার পাল্লায় সবকটি বিশ্বকাপ খেলা ইংল্যান্ডের সঙ্গে নবাগত আফগানিস্তানের কোনো ব্যবধান নেই।

গ্রুপ পর্বে দুটি দলেরই চার হারের বিপরীতে একটি জয়; ওয়েন মর্গ্যানদের মতো মোহাম্মদ নবির দলও হারিয়েছে স্কটল্যান্ডকে। স্কটিশদের বিপক্ষের জয়টি আবার ওয়ানডের বৈশ্বিক মঞ্চে আফগানিস্তানের প্রথম সাফল্য। নড়বড়ে ইংল্যান্ডের বিপক্ষে তারা দ্বিতীয় সাফল্য পাওয়ার অপেক্ষায় রয়েছে।

বিশ্বকাপে তো দুর অস্ত, এর আগে কখনো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলাই হয়নি আফগানিস্তানের। ক্রিকেটের আঙিনায় হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা নবিদের দলটিও এবারই প্রথম সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামবে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই আফগানিস্তানের জন্য ‘নতুন’ এক অভিজ্ঞতা নেয়ার উপলক্ষ্য। তবে নবিদের লক্ষ্যটা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দলটির পেসার হামিদ হাসান ও কোচ অ্যান্ডি মোলস তা বলেও গেছেন।

হামিদ বলেন, “আগামীকালও আমরা সাহসের সঙ্গে খেলব। আফগানরা কখনোই ভয় পায় না। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী যেতে পারি এবং ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল ফেলতে পারি, তাহলে সম্ভবত তাদেরকে (ব্যাটসম্যান) যত দ্রুত সম্ভব শিকার করতে পারব।”

আর আফগানিস্তান কোচ অ্যান্ডি মোলস বলেন, “হ্যাঁ, ইংল্যান্ড অবশ্যই কঠিন সময়ের মধ্যে আছে। অবশ্যই এ আসরটা তারা ভুলতে চাইবে। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, আমাদের সম্ভাবনা আছে। কাউকে বিস্মিত করতে এখানে এসেছি আমরা।”

ইংল্যান্ডে ফেরার বিমানে এক পা দিয়ে রাখা মর্গ্যানের দল আর বিস্মিত হতে চাই না। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার পর বাংলাদেশের কাছে হেরে তাদের বিশ্বকাপ শেষ। এর মধ্যে মাশরাফিদের কাছে হারটি তাদেরকে বড় লজ্জা দিয়েছে। ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস তাই আফগান লজ্জা এড়াতে মরিয়া।

“বাংলাদেশের কাছে হারটা যদি হয় ভয়ঙ্কর, তাহলে আফগানিস্তানের কাছে হারটা যে কি হবে, তা আমরা কল্পনাও করতে পারব না। এটা হবে মহাবিপর্যয়।”