বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের ছক্কার রেকর্ড
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
২০০৭ এর আসরে অস্ট্রেলিয়ার বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হেইডেন ১৮ ছক্কা হাকিয়ে রেকর্ড গড়েন। এবারের আসরের প্রথম পাঁচ ম্যচে ১৮ ছক্কা হাকিয়ে তার রেকর্ড স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান গেইল।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৯ রানের এক ইনিংস খেলার পথে চারটি ছক্কা হাকান ডি ভিলিয়ার্স। এই বিশ্বকাপে তার ছক্কা হলো এক কুড়ি।
জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রান করার পথে এই বিশ্বকাপে নিজের প্রথম ছক্কাটি হাকান ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে ৩০ রান করার পথে একবারও বল উড়িয়ে সীমানা পার করতে পারেননি তিনি।
প্রথম দুই ম্যাচে মাত্র একটি ছক্কা হাকানো ডি ভিলিয়ার্স পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১৬২ রানের ঝড়ো ইনিংস খেলার পথে আটবার বল উড়িয়ে সীমানা পার করেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ২৪ রান করার পথে দুটি ছক্কা মারেন ডি ভিলিয়ার্স। আর পাকিস্তানের বিপক্ষে ৭৭ রান করার পথে ৫টি ছক্কা হাকান তিনি।
