আফগান-লজ্জা এড়াতে মরিয়া ইংল্যান্ড
চার ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ইংল্যান্ড এখন আফগানিস্তানের কাছে হারের লজ্জা এড়াতে মরিয়া হয়ে আছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী শুক্রবার আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচ থেকে অন্তত সান্ত্বনার একটি জয় পেতে চায় দলটি। তবে চাওয়া পূরণের পথে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে মোটেও হালকাভাবে না নেওয়ার কথা জানান ইংল্যান্ড দলের মিডিয়াম পেসার ক্রিস জর্ডান।
“তাদের (আফগানিস্তান) হারানোর কিছু নেই। তাদের প্রতিটি খেলোয়াড়ের ফুটেজ আমাদের কাছে এবং এটা এমন ম্যাচ নয় যে, আমরা হালকাভাবে নিব।”
“ওদের বিরুদ্ধে কাজে লাগানো যায়, এমন কোনো দুর্বলতা আছে কিনা, তার সবকিছু ভালোভাবে খতিয়ে দেখব’ যোগ করেন ইংল্যান্ডের এই মিডিয়াম পেসার।
বিশ্বকাপের একাদশ আসরে সাফল্য-ব্যর্থতার পাল্লায় এখন পর্যন্ত ইংল্যান্ড ও আফগানিস্তান একই অবস্থানে। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-এই চার দলের কাছে হেরেছে দুটি দলই। আবার দুটি দলের একমাত্র জয় স্কটল্যান্ডের বিপক্ষে।
অথচ অভিজ্ঞতার পাল্লায় আফগানিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। সবকটি বিশ্বকাপেই খেলেছে ইংল্যান্ড। অন্যদিকে আফগানিস্তান এবারই প্রথম বিশ্বকাপে খেলছে।
জর্ডান অবশ্য জানিয়েছেন, বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরার আগে ‘শেষ ভালো’ চান তারা।
“সবার হৃদয় ভেঙে গেছে। যারা (সমর্থকরা) এখানে এসেছে, তারা ঘরে বসে দেখেছেন, তাদের সবার মন ভেঙে গেছে এবং আমাদের জন্য সেটা একটু জোড়া দেয়ার সুযোগ শুক্রবারের ম্যাচটি।”
