‘বুড়ো’ সাঙ্গাকারার বড় কীর্তি
ব্যাট তার কাছে তুলি, ক্রিকেটের সবুজ আঙিনা যেন চেনা ক্যানভাস; চেনা বাইশ গজে ব্যাটের নিখুঁত আচঁড়ে একের পর এক ফুটিয়ে তোলেন অবিস্মরণীয় শিল্পকর্ম। শ্রীলঙ্কার সৃষ্টিশীল এই ব্যাটসম্যান তার সবশেষ ছবিটি আঁকলেন অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভ ওভালের সবুজ চত্বরে। দারুণ এক শতকে ক্রিকেটের রেকর্ড বইয়ে নিজের নামটি খোদাই করে নিলেন; তাও আবার চিরদিনের জন্য ‘প্রথম’ হিসেবে।
বাংলাদেশের পর ইংল্যান্ড, এরপর অস্ট্রেলিয়া, শেষে স্কটল্যান্ড; বাহারি চারটি শতকের বুননে বাধলেন অমর এক রেকর্ডের মালা। এর আগে ওয়ানডে ক্রিকেটে টানা চারটি শতক করেননি কোনো ব্যাটসম্যান; বিশ্বকাপে তো নয়ই।
স্কটল্যান্ডের বিপক্ষে ৮৬ বলে অনন্য এই মাইলফলকে পৌঁছান সাঙ্গাকারা। ওয়ানডেতে এটি তার ২৫তম শতক আর বিশ্বকাপে পঞ্চম; যার চারটিই এল এই বিশ্বকাপে। বিশ্বকাপে এক আসরে এক ব্যাটসম্যানের ব্যাট থেকে চারটি শতক এর আগে আসেনি কখনও।
কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের দেশে এসে সাঙ্গাকারাও যেন শেষ বিকেলটা রাঙিয়ে নিচ্ছেন ওয়ানডে ক্রিকেটের রঙিন আলোয়। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে ৪৯৬ রান, ব্যাটিং গড় ১২৪.০০; ব্র্যাডম্যানের ব্যাটের রানের ফোয়ারাই মনে করিয়ে দিচ্ছে কী?
টেস্ট ক্রিকেটের মতো ওয়ানডেতেও ব্যাটিং কীর্তি সাঙ্গাকারার অনেক আছে। ওয়ানডে ক্রিকেটে শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এই বিশ্বকাপেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন সাঙ্গা।
বিশ্ব ক্রিকেটে ব্যাটিংয়ের এই শিল্পী তার অমর হয়ে ওঠার ইঙ্গিত শুরুতেই দিয়েছিলেন। তিনি তখন আইনের ছাত্র, ২২ বছর বয়সে ক্রিকেটের রঙিন দুনিয়া ওয়ানডেতে অভিষেক হয় তার।
পাকিস্তানের বিপক্ষে গলে ২০০০ সালের ৫ জুলাই ৩৫ রান করে রান আউট হয়েছিলেন সাঙ্গাকারা। তবে চোখ কাড়া চারটি চার মেরে সেদিন তিনি ঘোষণা করেছিলেন ভবিষ্যতের এক তারকার আগমণীবার্তা।
ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে সেই একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৬ বলে ৮৫ রান করেন সাঙ্গাকারা। কাভার ড্রাইভ, পুল, হুক, স্ট্রেইট ড্রাইভ, স্কয়ার কাট-শন পোলক, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিদের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে চোখ ধাঁধানো সব শট খেলে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সাঙ্গাকারাকে। ওয়ানডে আর টেস্ট, এমনকি ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিকেও নিজের ব্যাটের আলোয় আলোকিত করে গেছেন সাঙ্গাকারা।
শুধু ব্যাট হাতেই নয়, গ্লাভস হাতে উইকেটের পেছনেও নিজেকে উজাড় করে দিয়েছেন এই সব্যসাচী ক্রিকেটার। এ কারণেই হয়ত শ্রীলঙ্কার এই ক্রিকেট-সাধকের পায়ে এসে একে একে লুটিয়েছে অনেকগুলো রেকর্ডই।
বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন সাঙ্গাকারা। নুয়ান কুলাসেকারার বলে উইকেটের পেছনে মাইকেল লিস্কের যে ক্যাচটি নেন, সেটি ছিল বিশ্বকাপে সাঙ্গাকারার ৫৩তম ডিসমিসাল। এই ক্যাচেই বিশ্বকাপে গিলক্রিস্টের করা ডিসমিসালের রেকর্ডকে পেছনে ফেলেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক গিলক্রিস্ট ৫২টি ডিসমিসাল করেছিলেন ৩১টি ম্যাচ খেলে। আর সাঙ্গাকারা তাকে ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে নিজের ৩৬তম ম্যাচে। ওয়ানডে ক্রিকেটে এটি ছিল তার ৫০০তম ডিসমিসাল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও তিনি ডিসমিসালের রেকর্ডে অনেক আগেই পেছনে ফেলেছেন গিলক্রিস্টকে।
ব্যাট আর গ্লাভস হাতে প্রতিপক্ষের জন্য সাঙ্গাকারা যতটা বিধ্বংসী, মাইক্রোফোনের সামনে ঠিক যেন ততটাই বিনয়ী। স্কটল্যান্ডের বিপক্ষে ১৪৮ রানের জয়ে ম্যাচ সেরার পুরস্কার গেছে সাঙ্গাকারার অধিকারে। পুরস্কার হাতে নেওয়ার পর প্রতিপক্ষের বোলারদের ছিন্নভিন্ন করে দেওয়া সাঙ্গাকারার খুব বিনয়ী রূপটা দেখা গেল।
“আমি এখন ৩৭, গাটগুলো ক্যাঁচ ক্যাঁচ করছে। আমি এমন একটি ভালো দলের সদস্য হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
ম্যাচ শেষে বয়সের কথা তুললেন সাঙ্গাকারা। এই বয়সের অজুহাতেই বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তিনি। তবে এখনই তাকে ছাড়তে চান না শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। একান্তই ক্রিকেটকে যারা ভালোবাসেন, তারাও কি এটা চাইবেন?
ক্রিকেট রোমাঞ্চপিয়াসীরা চাইবেন সাঙ্গাকারা আরও কিছুদিন থাকুন, ক্যাঁচ ক্যাঁচ করতে থাকা বুড়ো হাড়ের ভেল্কিতে মাঠের সবুজে তিনি আঁকতে থাকুন ব্যাটিংয়ের আরও কিছু অমর ছবি।
