'তিন ম্যাচ পরেই শিরোপা দক্ষিণ আফ্রিকার'
আর মাত্র তিনটি ম্যাচ-কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল, এরপর ফাইনাল। এই তিনটি ম্যাচ জিতে শিরোপা নিয়ে দক্ষিণ আফ্রিকা বাড়ি ফিরবে বলে আত্মবিশ্বাসী দেশটির অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স নিজেদের শিরোপা জয়ের সম্ভাবনার বিষয়ে এভাবেই বলেন।
"জানি, আমরা খুব কাছে…বিশ্বকাপের শিরোপা বাড়ি নিয়ে যাওয়া থেকে তিনটি ম্যাচ দূরে।"
নকআউট পর্বের তিনটি ম্যাচকে হিসাবে আনলেও আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ লড়াইটিকেও গুরুত্বপূর্ণ মনে করেন ডি ভিলিয়ার্স।
এই ম্যাচের ফলই গ্রুপে দক্ষিণ আফ্রিকার অবস্থান ঠিক করে দেবে। আর গ্রুপের অবস্থানের ওপরই নির্ভর করবে শেষ আটে তাদের প্রতিপক্ষ কে হবে।
দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাসের মাত্রাটা বোঝাতে ডি ভিলিয়ার্স বলেন, "আমি শতভাগ বিশ্বাস করি, আমরা টুর্নামেন্টের সেরা দল। গ্রুপ পর্বে দুটি পরাজয়ে আমরা কষ্ট পেয়েছি, কিন্তু এটা এখন পার করে এসেছি।"
