২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেফাঁস টুইটে বিশ্বকাপ শেষ মাজিদের

দলীয় শৃঙ্খলা ভাঙার অপরাধে বিশ্বকাপ দল থেকে অভিজ্ঞ ক্রিকেটার মাজিদ হককে দেশে ফেরত পাঠিয়েছে স্কটল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:22 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

দেশটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ উইকেটশিকারী মাজিদকে দেশে পাঠানোর কথা একটি বিবৃতির মাধ্যমে জানায় স্কটল্যান্ড দল। 
 
ক্রিকেট স্কটল্যান্ড অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে দল থেকে ছিটকে পড়ায় পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার যে অসন্তুষ্ট, তা বোঝা যাচ্ছে। 
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলে সুযোগ না পেয়ে মাজিদ টুইট করেন, “সংখ্যালঘু হলে আপনার জন্যে সবসময় সব কিছু কঠিন!”
 
বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম ৪ ম্যাচের সবকটিতে খেলা মাজিদের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে অফস্পিনার মাইকেল লিয়াসকে দলে নেয় স্কটল্যান্ড। বুধবারের ম্যাচটি ১৪৮ রানে হারে দলটি। এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি স্কটল্যান্ড।      
 
দেশের হয়ে দুইশর বেশি ম্যাচ খেলা মাজিদ এই বিশ্বকাপে ৩টি উইকেট নিলেও রান দেওয়ায় বেশ মিতব্যয়ী ছিলেন (৪.৮৮)।