২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারাকে ফেরাতে নতজানু হবেন ম্যাথিউস

অবসর না নিয়ে আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যাওয়ার জন্য কুমার সাঙ্গাকারাকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রয়োজনে শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সামনে নতজানু হবেন বলেও জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 06:20 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

সাঙ্গাকারা, দিলশানের শতকে শ্রীলঙ্কার বড় জয়
টানা ৪ শতকে সাঙ্গাকারার বিশ্বরেকর্ড
গিলক্রিস্টকে ছাড়িয়ে সাঙ্গাকারার বিশ্বকাপ রেকর্ড

হোবার্টের বেলেরিভ ওভালে বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ১৪৮ রানের জয়ের ম্যাচে দারুণ এক শতকের ইনিংস খেলেন সাঙ্গাকারা। ওয়ানডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে শতকের ইনিংস খেলার কৃতিত্ব দেখান তিনি।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শেষে ওয়ানডেকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত আগেই জানান সাঙ্গাকারা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় টুইটারে এক সমর্থকের করা প্রশ্নের জবাবে ম্যাথিউস বলেন, “আমি হাঁটু গেড়ে তাকে (সাঙ্গাকারা) অবসরের সিদ্ধান্ত থেকে ফিরতে বলতে পারি। অবশ্য দিন শেষে এটা তার সিদ্ধান্ত এবং সে তার দল ও দেশকে দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছে।”

বেলেরিভ ওভালে শতকের ইনিংস উপহার দিয়েছেন তিলকারত্নে দিলশানও। ৯৯ বলে ১০৪ রান করা এই ডানহাতি ব্যাটসম্যানকেও প্রশংসা করেছেন ম্যাথিউস।

স্কটল্যান্ডের বিপক্ষে কম যাননি ম্যাথিউস; ২০ বলে অর্ধশতক তুলে নিয়ে দারুণ এক কীর্তিও গড়েছেন। শ্রীলঙ্কার হয়ে দ্রুততম ওয়ানডে অর্ধশতকের ইনিংসটির মালিক এখন তিনি। নিজের ইনিংস নিয়েও তৃপ্তি আছে শ্রীলঙ্কা অধিনায়কের।

গত দুই বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কা এ আসরের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে। তবে নকআউট পর্বে আরো ভালো করতে হলে দলের বোলিং ও ফিল্ডিংয়ে আরো উন্নতি করার দরকার বলেও জানিয়েছেন ম্যাথিউস।

“আমরা যদি বোলিং ও ফিল্ডিংয়ে আরেকটু উন্নতি করতে পারি, তাহলে সামনের দিকে যাওয়াটা অনেক বড় ব্যাপার হবে।”