২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির ধাওয়ান বন্দনা

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক শতক উপহার দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া শিখর ধাওয়ানের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলের বোলিং লাইনআপের প্রশংসা করতেও ভোলেননি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 05:03 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

হ্যামিল্টনের সেডন পার্কে মঙ্গলবার আয়ারল্যান্ডকে ৭৯ বল হাতে রেখে আট উইকেটে হারায় ভারত। আইরিশদের দেওয়া ২৬০ রানের লক্ষ্যে দুই উইকেট হারিয়ে পৌঁছে যায় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এই আসরে টানা পাঁচ জয়ের ম্যাচে ৮৫ বলে ১০০ রান করেন ধাওয়ান। দিল্লির এই মারকুটে ব্যাটসম্যানের ইনিংসটি ১১টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ধোনি জানান, ধাওয়ান তার করণীয়টা জানেন।

“সে জানে যে, বড় ইনিংসের জন্য তাকে দলের প্রয়োজন। তাই সে একবার ১৫ রান পেয়ে গেলে, পরের মাইলফলকে পা রাখে, যেটা একটা শতক।”

ভারতের বোলিং লাইনআপকে ‘দুর্বল’ বলেন অনেকে। কিন্তু বিশ্বকাপের একাদশ আসরে খেলা পাঁচ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট  করেনি সামি-মোহিতরা। বোলিং লাইনআপের এই সাফল্যে মুগ্ধ ধোনি।

“একজন কোচ আমাকে বলেছেন, আমরা পাঁচ ম্যাচে ৫০ উইকেট নিয়েছি। এটা ভালো পাওয়া। এর অর্থ হচ্ছে, বোলাররা আসলেই দলের জন্য তাদের কাজটা করছে।”

বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতক পেয়ে দারুণ উচ্ছ্বসিত ধাওয়ান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

আয়ারল্যান্ডের বিপক্ষের শতকের ইনিংস সম্পর্কে ২৯ বছর বয়সী ধাওয়ান বলেন, “বোলারের মনের কথাটা পড়ে নিয়ে শট খেলাটা আমি উপভোগ করি।”