অ্যাডিলেইডে উৎসব
লাল-সবুজ পতাকা, ঢোলের তাল, খোল-করতালের ছন্দ আর বাংলাদেশ বাংলাদেশ স্লোগান; অ্যাডিলেইড যেন একটা দিনের জন্য একখণ্ড বাংলাদেশ হয়ে উঠল। ইংল্যান্ডকে হারিয়ে মাশরাফি বিন মুর্তজার দল কোয়ার্টার-ফাইনালে ওঠার পর অ্যাডিলেইড জুড়ে শুরু হয়ে যায় বাংলা-উৎসব।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে যে এত বাংলাদেশি আছেন তা জানত না অ্যাডিলেইডের কেউ! বাংলাদেশিরা যে আনন্দমুখর আর উৎসব প্রিয়, এটাও জানা ছিল না তাদের। সবচেয়ে অবাক অ্যাডিলেইড ওভালের কর্মকর্তা-কর্মচারীরা।
এখানে এর আগে বাংলাদেশ দলের খেলা হয়নি বলে বাংলাদেশের দর্শক আর তাদের রঙিন সাজ-পোশাক সম্পর্কে অ্যাডিলেইড ওভালের কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধারণা ছিল না।
সোমবার তারা অবাক হয়ে পুরো ওভাল জুড়ে দেখেছে লাল-সবুজ পতাকার ওড়াওড়ি। ওভালের কর্মকর্তা এন্ড্রু বললেন, "সোমবারের খেলায় যে প্রায় চৌদ্দ হাজার দর্শক এসেছেন, তাদের সিংহভাগই ছিলেন বাংলাদেশি।"
প্রবাসী এই বাংলাদেশিদের 'বাংলাদেশ বাংলাদেশ' ধ্বনি আর নানারকম বাদ্যের তালে নাচ-গান দেখে মুগ্ধ পুরো অ্যাডিলেইড ওভাল। এমন প্রানবন্ত দর্শকদের কথা তাদের অনেক দিন মনে থাকবে।
স্থানীয় সময় গভীর রাত পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের উৎসব চলে অ্যাডিলেইডে। মাঠের বাইরে হাজার হাজার মানুষ ঢোল-করতালসহ নানান বাদ্যযন্ত্রের তালে তালে নাচছিলেন আর বিজয় বন্দনা করছিলেন।
সারাদিন মাঠের নানা অংশ জুড়ে যেসব ইংলিশ সমর্থকরা ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন, হঠাৎ করেই তারা হাওয়া হয়ে যান!
অ্যাডিলেইড ওভালের সামনে উত্তাল উৎসব চলছিল নানা বয়সী প্রবাসী বাংলাদেশিদের। তাদের মুখে ছিল ক্রিকেটারদের বন্দনা। বিশেষ করে রুবেল, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকের।
মেলবোর্ন, সিডনি, ক্যানবেরাসহ অস্ট্রেলিয়ার নানা শহর থেকে আসা প্রবাসীরা এই উৎসবে যোগ দেন। তাদের বেশিরভাগই আট থেকে ১২ ঘণ্টা গাড়ি চালিয়ে এই খেলা দেখতে অ্যাডিলেইডে এসেছিলেন! দীর্ঘ ভ্রমনের ক্লান্তি ছিল তাদের চোখেমুখে! কিন্তু দল জয়ী হওয়াতে সব ভুলে তারা মেতে উঠেন আনন্দে।
বাংলাদেশ ম্যাচ জয়ের পর অ্যাডিলেইড ওভালের বাইরে প্রবাসীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন আর ঈদের খুশির মতো কোলাকুলি করছিলেন! প্রবাসী বাংলাদেশি এস এ রহমান অরুপ বলেন, "অ্যাডিলেইড ওভালে এই প্রথম বাংলাদেশ খেলেছে এবং জিতেছে, এই খুশির বিষয়টি আমাদের সারা জীবন মনে থাকবে।"
মেলবোর্ন থেকে আসা ইমদাদুল হক সোমবার ওভালে বাঘ সেজে এসেছিলেন। তার দুই শিশু সন্তানকেও সাজানো হয়েছিল বাঘের সাজে। দেখে মনে হবে এক বাঘ তার দুই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে! দল জয়ী হবার পর সামনে যাকে পাচ্ছিলেন তাকে জড়িয়ে ধরছিলেন ইমদাদুক হক। আর বলছিলেন, "আমাদের সব কষ্ট সার্থক।"
মেলবোর্ন থেকে আসা এ কে এম ইমরান বলেন, "বাংলাদেশ দল এই প্রথম অ্যাডিলেইড ওভালের মতো বড় কোন ভেন্যুতে জিতলো। এর সাক্ষী থাকতে পারলাম বলে ভালো লাগছে।"
দল জেতায় এমন অনেক পাওয়ার আনন্দ ছিল সব প্রবাসীদের মধ্যেই।
