অদম্য ভারতের সামনে নির্ভীক আয়ারল্যান্ড
বিশ্বকাপের আগের নড়বড়ে ভারত এখন দুর্দম্য। টানা চারটি ম্যাচ জিতে পুল 'বি' থেকে সবার আগে শেষ আটে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে চার ম্যাচের তিনটি জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথেই আছে নির্ভীক আয়ারল্যান্ড। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অদম্য ভারতকে হারিয়েই নকআউটে পা রাখার প্রত্যয় রয়েছে আইরিশদের।
মঙ্গলবার নিউ জিল্যান্ডের হ্যামিল্টনের সিডন পার্ক স্টেডিয়ামে ভারত-আয়ারল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতলেই গ্রুপ পর্বে শীর্ষ স্থান নিশ্চিত হয়ে যাবে ভারতের। আর আয়ারল্যান্ড তাদের শেষ দুই ম্যাচে একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার-ফাইনাল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরই আয়ারল্যান্ডের ব্যাটসম্যান নায়াল ও'ব্রায়ান ঘোষণা দিয়েছিলেন, নির্ভীকভাবেই খেলবে তারা। এরপর জিম্বাবুয়েকেও নির্ভয়ে খেলে হারায় তারা।
এই পরিস্থিতিতে ভারতের বিপক্ষেও ভয়হীনভাবে খেলার কথাই বলে যাচ্ছে আইরিশরা। ম্যাচের আগে সোমবারের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের পোর্টারফিল্ড ভারতকে হারিয়েই শেষ আট নিশ্চিত করে ফেলার প্রত্যয়ের কথা বলেন।
"অন্য যেকোনো ম্যাচের মতোই এই ম্যাচেও জয়ের জন্য উন্মুখ থাকব আমরা এবং আগামীকাল (মঙ্গলবার) পাঁচে চারটি (জয়) করতে চাই আমরা।"
এই ম্যাচ দিয়ে সহযোগী সদস্য দেশগুলোর পক্ষ থেকে আইসিসিকে একটা জবাবও দেওয়ার আছে আয়ারল্যান্ডের। ক্রিকেটের 'তিন মোড়ল'কেও দেখিয়ে দেওয়ার বিষয়টি চলে আসে এতে। তিন মোড়লের একটি ভারতের বিপক্ষেই যে খেলতে নামছে তারা।
আগামী বিশ্বকাপে আইসিসি ১০ দলের বিশ্বকাপ আয়োজন করতে চাইছে, যেখানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি খেলবে। আর বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে।
সহযোগী দেশগুলো যেহেতু পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে খেলার বেশি সুযোগ পায়না, তাই র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও তাদের কম। আর এ কারণেই সহযোগী দেশগুলোর সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুব কম।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আসে। পোর্টারফিল্ড বলেন, "আশা করছি, আমরা কোয়ার্টার-ফাইনালে উঠতে পারব …আশা করছি, আইসিসি বিষয়টি আমলে নেবে এবং আগামী বিশ্বকাপের কথা আমরা ভাবছি।"
এই ম্যাচের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ভারত। দুটিতেই জয় পায় তারা। এরপরও অবশ্য এই ম্যাচের আগে একটু যেন সতর্ক ভারত। সংবাদ সম্মেলনে আসা পেসার মোহিত শর্মার কথায় সেই আভাসই মেলে।
"তাদের ভালো একটি দল রয়েছে। তাদের হারাতে আমাদের ভালো খেলতে হবে এবং আমরা এটাই করার চেষ্টা করব।"
