শ্রীলঙ্কাকে ডুবিয়েছে শেষ ১৬ ওভার
অস্ট্রেলিয়ার কাছে হারের কারণ খুঁজে পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ দিকের ওভারগুলোয় বোলারদের অতিরিক্ত রান দেওয়ায় ম্যাচ হাতছাড়া হয়েছে বলে মনে করেন শ্রীলঙ্কা অধিনায়ক।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ৩৭৬ রানের পাহাড়ে ওঠে। শেষ ১৬ ওভারে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ১৯১ রান তুলে নেয় তারা। শ্রীলঙ্কার ছয় বোলারই অর্ধশতকের ওপরে রান দেন।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় শেষ দিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরে রাখতে না পারার কথা স্বীকার করেন ম্যাথিউস, “শেষ ১৬ ওভারে আমরা দুইশ রান দিয়েছি এবং এটা খুব বেশি ছিল।”
৩৭৭ রানের কঠিন লক্ষ্যে নামলেও ব্যাটসম্যানদের কাঁধে চড়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। কুমার সাঙ্গাকারা ১০৪ রানের মূল্যবান ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। তবে হারলেও সতীর্থ ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন ম্যাথিউস।
“তাড়া করার জন্য এ রানটা একটু বেশিই ছিল। আমি মনে করি, ব্যাটসম্যানরা আসলেই ভালো করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দাগটা পেরুতে পারিনি।”
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে শতক পাওয়া সাঙ্গাকারাকে আলাদাভাবে প্রশংসা করতে ভোলেননি ম্যাথিউস, “সাঙ্গাকারা ফর্মের তুঙ্গে আছে। তিন ম্যাচে তিন শতক অবশ্যই অবিশ্বাস্য। মনে হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে সে আরো ভালো করছে।”
দিনেশ চান্ডিমাল ৫২ রান করার পর চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় ম্যাচের ভাগ্য অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে যায়। পরে আর স্বাগতিক বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলঙ্কার লোয়ার অর্ডারের ব্যাটসম্যানেরা।
তিলকারত্নে দিলশান, সাঙ্গাকারা, চান্ডিমালকে ব্যাটিং তোপের মধ্যেই জেমস ফকনার তিনটি, মিচেল স্ট্যার্ক ও মিচেল জনসন দুটি করে উইকেট নেন। উইকেট পাওয়া প্রতিপক্ষের বোলারদেরও প্রশংসা করেন ম্যাথিউস।
পাঁচ ম্যাচে তিন জয় পাওয়া শ্রীলঙ্কার কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে। বিশ্বকাপের গত দুই আসরের রানার্সআপরা বুধবার গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
এ ম্যাচে বোলিং ও ফিল্ডিংয়ে আরো উন্নতির ওপর গুরুত্ব দিচ্ছেন শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথিউস, “আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।”
