ব্যাটসম্যানদের জন্য ক্লার্কের প্রশংসা
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর সতীর্থ ব্যাটসম্যানদের প্রশংসায় পঞ্চমুখ হন মাইকেল ক্লার্ক। অবশ্য বোলারদের মধ্যে মিচেল স্ট্যার্কের আলাদাভাবে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে ৬৪ রানের জয় পায় অস্ট্রেলিয়া। এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৩৭৬ রানের পাহাড়ে ওঠে স্বাগতিকরা। জবাবে ৩১২ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ক্লার্ক বলেন, “ছেলেরা যেভাবে ব্যাটিং করেছে, তাতে প্রশংসাটা তাদের। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েলের প্রথম ওয়ানডে শতক পাওয়াটা ছিল দারুণ।”
থিসারা পেরেরার বলে লাসিথ মালিঙ্গাকে ক্যাচ দেয়ার আগে ১০ চার ও ৪ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম এবং বিশ্বকাপের দ্রুততম শতকের রেকর্ডের পাতায় দ্বিতীয়স্থানে নিজের নাম তোলা ম্যাক্সওয়েলকে তাই বাড়তি প্রশংসা করেন ক্লার্ক।
