২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতক করে সাঙ্গাকারার অনন্য রেকর্ড

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে শতক করার অনন্য কীর্তি গড়েছেন কুমার সাঙ্গাকারা। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করে অনন্য এই রেকর্ড গড়েন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে ১০৪ রান করেন সাঙ্গাকারা। তার ১০৭ বলের ইনিংসটি ১১টি চারে সাজানো।

ওয়ানডেতে সাঙ্গাকারার এটি ২৪তম শতক, আর বিশ্বকাপে এটা তার চতুর্থ শতক।

আগের দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৫ ও ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রান করেছিলেন সাঙ্গাকারা। ওই দুই ম্যাচেই অপরাজিত ছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এর আগে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৩টি করে শতক করার কৃতিত্ব গড়েছিলেন ভারতের সৌরভ গাঙ্গুলী এবং অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার মার্ক ওয়াহ ও ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াহ তিনটি শতক করেন ১৯৯৬ বিশ্বকাপে। গাঙ্গুলী তার তিনটি শতক করেন ২০০৩ সালে। হেইডেন এই কীর্তি গড়েন ২০০৭ বিশ্বকাপে। 

সাঙ্গাকারার এই কীর্তিসহ ওয়ানডে ক্রিকেটে টানা তিনটি শতকের ঘটনা আছে ৭টি। ওয়ানডে ক্রিকেটে প্রথম টানা তিন শতকের কীর্তি গড়েন পাকিস্তানের জহির আব্বাস। ১৯৮২-'৮৩তে ভারতের বিপক্ষে এই কৃতিত্ব দেখান তিনি।

১৯৯৩ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি শতক করেন পাকিস্তানের সাইদ আনোয়ার। দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ২০০২ সালে একই কীর্তি গড়েন। তিনি তিনটি শতক করেছিলেন কেনিয়া, ভারত ও বাংলাদেশের বিপক্ষে।

২০১০ সালে এই রেকর্ডের ভাগিদার হন এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে দুটি শতকের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অঙ্কের স্কোর করেন তিনি। ২০১৩ সালে তারই সতীর্থ কুইন্টন ডি ককও এই কীর্তি গড়েন। ডি কক তিনটি শতকই করেন ভারতের বিপক্ষে।

গত বছর নিউ জিল্যান্ডের রস টেইলর টানা তিনটি শতকের দুটি করেন ভারতের বিপক্ষে, একটি করেন পাকিস্তানের সঙ্গে। 

এবারের বিশ্বকাপের সহ-আয়োজকদের বিপক্ষে দারুণ এই ইনিংস খেলার পথে একটা মাইলফলকও ছুঁয়েছেন সাঙ্গাকারা। শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৪ হাজার রান তুলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।