প্রথম শতকেই রেকর্ডের পাতায় ম্যাক্সওয়েল
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকটি গ্লেন ম্যাক্সওয়েলকে দারুণ এক উচ্চতায় উঠিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ইনিংসটির সুবাদে ম্যাক্সওয়েল এখন বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম শতক করা ব্যাটসম্যান।
ম্যাক্সওয়েলের শতকটি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের দ্রুততম। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বলে ওয়ানডে শতক করার আগের রেকর্ডটি ছিল জেমস ফকনারের, ২০১৩ সালে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালোরে ৫৭ বলে শতক করেছিলেন তিনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং তাণ্ডব তুলে ৫১ বলে শতক তুলে নেন ম্যাক্সওয়েল। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ছয়টি ছক্কায়।
৪৭তম ওভারে থিসারা পেরেরার বলে লাসিথ মালিঙ্গাকে ক্যাচ দেওয়ার আগে ৫৩ বলে ১০২ রান করেন ম্যাক্সওয়েল।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা ম্যাক্সওয়েল ২৬ বলে অর্ধশতক করার পর প্রথম ওয়ানডে শতক তুলে নিতে খেলেন আরও ২৫ বল।
বিশ্বকাপের দ্রুততম শতকটি আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে শতক পূরণ করেন এই আইরিশ ক্রিকেটার।
৫১ বলে শতক তুলে নিয়ে রেকর্ডের এ পাতায় এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের এ আসরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে শতক করেন তিনি।
