‘থার্ড গিয়ারে’ আটকে গেছে দক্ষিণ আফ্রিকা
পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে সতীর্থ ব্যাটসম্যানদের খেই হারিয়ে ফেলার কোনো কারণ খুঁজে পাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। কাউকে দোষও দিচ্ছেন না তিনি। শুধু বুঝতে পারছেন, কোথায় যেন একটা গণ্ডগোল আছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের মতে, যেন কোনো গাড়ির দ্বিতীয় বা তৃতীয় গিয়ারে আটকে গেছে তার দল।
অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি অনুযায়ী জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
প্রথম ওভারেই উইকেট হারিয়ে ধাক্কা খাওয়া দক্ষিণ আফ্রিকা একসময় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে। অধিনায়ক ডি ভিলিয়ার্স এক পাশ আগলে রেখে জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছিলেন, কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে তার প্যাভিলিয়নে ফেরার পরের ওভারেই গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস।
অল্প রানের লক্ষ্যেও পৌঁছতে না পারার ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না এই ম্যাচে ৭৭ রান করা ডি ভিলিয়ার্স। আবার অধিনায়ক হিসেবে সতীর্থদের সেরাটা বের করে আনতে না পারার জন্যে নিজেকেও দুষছেন তিনি।
তারপরও একটা জায়গায় এসে ঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তিনি; ওখানেই গাড়ির গিয়ারের উদাহরণ টানেন ডি ভিলিয়ার্স।
ম্যাচ শেষের সংবাদ সম্মেল ডি ভিলিয়ার্স বলেন, “আমার শুধু বুঝতে পারছি, কোনো কিছুই ঠিক শতভাগ হচ্ছে না। ব্যাপারটা ঠিক এমন যেন, কোনো গাড়ি দ্বিতীয় বা তৃতীয় গিয়ারে আটকে গেছে। এভাবে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না, বিশেষ করে চাপে থাকা এবং এরকম বড় টুর্নামেন্টে তো নয়ই।”
পাঁচ ম্যাচের ৩টিতে জিতে পুল ‘বি’-এর দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে দলটি। আর কোনো হার এড়াতে ওই ম্যাচের আগেই তাই দলকে পাঁচ নম্বর গিয়ারে নিতে চান ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপের গত কয়েক আসর ধরেই ফেভারিটের তকমা থাকে দক্ষিণ আফ্রিকার গায়ে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভুল করে বসে দলটি। এবারও যথারীতি অন্যতম ফেভারিট তারা, কিন্তু চাপের মুখে ভেঙে পড়লে আবারও খালি হাতেই ফিরতে হবে তাদের।
হাশিম আমলা, ডেল স্টেইন, অধিনায়ক নিজে- দলটিতে তারকার কমতি নেই। কিন্তু শিরোপা জিততে হলে সঠিক সময়ে জ্বলে উঠতে হবে তাদের। কারো একার পক্ষে দলকে বিশ্বকাপ জেতানো সম্ভব নয়, এটা মনে করিয়ে দিতে নিজেকেই উদাহরণ হিসেবে টানলেন ডি ভিলিয়ার্স।
“আমি জানি, আমি একা এই বিশ্বকাপ জিততে পারব না। এভাবে কোনো পথ নেই। এতে কোনো সন্দেহ নেই, আমি একা এটা করতে পারব না। এজন্যে আমার সতীর্থদের প্রয়োজন আছে।”
