২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের ‘চাপ’ এখনই নিতে নারাজ বাংলাদেশ

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সুরে মেলালেন ইমরুল কায়েসও। বাংলাদেশ বিশ্বকাপ দলে সদ্য যোগ হওয়া এই ব্যাটসম্যান জানালেন, কোয়ার্টার-ফাইনালের চাপ এখনই নিতে চান না তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 12:08 AM

Updated : 25 Apr 2022, 01:06 PM

অ্যাডিলেইড ওভালে আগামী সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে গ্রুপের বৈতরণী পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে যাবে মাশরাফিরা। তবে এ প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের ইমরুল জানান, শেষ আটের চাপ নিতে চান না তিনি।
 
“না, প্রেসার (চাপ) না। আমি আসলে চাপ মনে করছি না। কারণ হচ্ছে, চাপ নিলে আরো সমস্যা তৈরি হয়।”
 
বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও এর আগে একাধিকবার বলেন, কোয়ার্টার-ফাইনাল নিয়ে তারা আগে ভাবতে চান না; এক-একটি ম্যাচ করে ভাবতে চান তিনি।
 
গত বিশ্বকাপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে জেতা ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন ইমরুল। এনামুল হকের চোটের কারণে এবারের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ অপেক্ষায় থাকার কথাও জানান।
 
চার ম্যাচ খেলা হয়ে গেছে বলে তামিম-সাকিবরা অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিয়েছেন এরই মধ্যে। হঠাৎ সুযোগ পাওয়ায় ইমরুল অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। তবে দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
 
চার ম্যাচে পাওয়া পাঁচ পয়েন্ট নিয়ে পুল ‘এ’র তালিকায় চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ইংল্যান্ডকে হারিয়ে দুই পয়েন্ট পেলে শেষ আট নিশ্চিত হবে মাশরাফিদের। এমন ম্যাচের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে অ্যাডিলেইডের উইকেটে ভালো ব্যাটিংয়ের জন্য দরকারি টিপস শিষ্যদের বাতলে দিয়েছেন বলেও জানান ইমরুল।
 
“আসলে, কোচের সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে বলেছেন নেটের উইকেট আর ম্যাচের উইকেটে এক থাকে না। উইকেটে থিতু হয়ে গেলে সহজে ব্যাটিং করা সম্ভব হবে।”
 
বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। তাদের একমাত্র জয়টি এসেছে স্কটল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের কাছে অ্যাডিলেইডের ম্যাচে হারলে বিশ্বকাপের একাদশ আসর থেকে বিদায় নেবে ইংল্যান্ড।