২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিচিত আফগানদের বিপক্ষে কিউইদের 'অনুশীলন' ম্যাচ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কী নিউ জিল্যান্ড তাদের বেঞ্চের শক্তি যাচাই করে নেবে? মোটেই না। পঁচা শামুকে পা কাটার ভয়ে নয়, শেষ আটের আগে দলের মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলনের সুযোগটা হাতছাড়া করতে চায় না শিরোপা-ফেভারিট দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 07:42 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

অপরিচিত আফগানদের বিপক্ষেও তাই অপরিবর্তিত দল নিয়েই নামতে যাচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের দল। আন্তর্জাতিক ক্রিকেটে নিউ জিল্যান্ডের কাছে সত্যিই অপরিচিত আফগানিস্তান। এখন পর্যন্ত ক্রিকেট মাঠে দুই দলের একবারও দেখা হয়নি।

রোববার নিউ জিল্যান্ডের ন্যাপিয়ারে ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।

এখন পর্যন্ত এই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে সবক'টিই জিতেছে কিউইরা। নিউ জিল্যান্ড দলের ম্যানেজমেন্ট আর সমর্থকরা বিশ্বাস করেন, বাকি দুই ম্যাচেও হারবে না তারা।

দুই ম্যাচ হাতে রেখেই অবশ্য গ্রুপ পর্ব পার করেছে নিউ জিল্যান্ড। তবে এরপরও তাদের কাছে বাকি দুটি ম্যাচও সমান গুরুত্বই পাচ্ছে। কোথায় থেকে গ্রুপ পর্ব শেষ করছে, দলগুলোর জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ওপরেই যে নির্ভর করবে শেষ আটের প্রতিপক্ষ কে হবে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আরও একটি কারণে নিউ জিল্যান্ডের কাছে গুরুত্বপূর্ণ। তাদের মিডলঅর্ডার উইকেটে খুব বেশি সময় পায়নি; এই ম্যাচে তাদের মাঝের ২২ গজে সময় কাটাতে দিতে চায় দেশটি। মানে ব্যাটিং অনুশীলনটা যেন ভালোভাবে তারা সেরে নিতে পারে।

আগের চারটি ম্যাচে তারা মাঝের ২২ গজে বেশি সময় কাটাতে না পারার কারণ দুটি-হয় তাদের প্রয়োজনই হয়নি, অথবা সেখানে বেশি সময় থাকতে পারেনি। এই যেমন ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় নিউ জিল্যান্ড। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিচেল স্ট্যার্কের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের মিডলঅর্ডার।

বিশেষ করে রস টেইলর আর গ্র্যান্ট এলিয়টের ব্যাটিং অনুশীলনটা বেশি দরকার। শেষ আটে এই দুই মিডলঅর্ডার ব্যাটসম্যানের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে নিউ জিল্যান্ড। এখনো পর্যন্ত বিশ্বকাপে তাদের দুজনের কেউ জ্বলে উঠতে পারেননি।

আফগানিস্তানের প্রেক্ষাপট ভিন্ন। এবারই প্রথম বিশ্বকাপে আসা দলটি স্মরণীয় কিছু করতে চেয়েছিল। তাদেরই মতো সহযোগী দেশগুলোর কোনো একটির বিপক্ষে একটি জয়, আর যদি সম্ভব হয় টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একটি জয়-এটাই চেয়েছিল তারা।

এ ক্ষেত্রে তারা লক্ষ্য করেছিল স্কটল্যান্ড আর বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে একেবারেই উড়ে গেলেও স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই করেই হারে আফগানরা। তবে এই দুটি ম্যাচ ছাড়া তারা খুব বেশি আশাও করেনি। তাই নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য মান বাঁচিয়ে ফেরার লড়াই-ই বলা চলে।

ম্যাচের আগের দিন শনিবারের সংবাদ সম্মেলনে আফগানিস্তানের কোচ অ্যান্ডি মোলসও এমন কথাই বলেন।

"যার ভেতর দিয়ে এসেছি, তা থেকেই আমাদের শিখতে হবে। …বিশ্বের সবচেয়ে দ্রুতগতির আর বাউন্সি উইকেটে ছেলেদের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বল খেলতে হচ্ছে। এটা তাদের কাছে একদমই অচেনা।"