অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যানদের থামাতে তৈরি শ্রীলঙ্কা
গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ - অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যানের তালিকাটা বড়ই। অ্যাঞ্জেলো ম্যাথিউসের এ নিয়ে কোনো ভয় নেই। এদের থামাতে তৈরি হয়েই মাঠে নামতে যাওয়ার কথা বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক।
রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
এই ম্যাচের আগে শ্রীলঙ্কার সংবাদ সম্মেলনে কথা ওঠে এই বিশ্বকাপের রান-উৎসব নিয়ে। প্রায় প্রতিটি ম্যাচেই তিনশর বেশি রান উঠছে। অস্ট্রেলিয়া দলও শ্রীলঙ্কার বিপক্ষে এরকম কিছু করবে বলেই আশা করছেন অনেকে।
অস্ট্রেলিয়া দলকে বড় স্কোর গড়তে সাহায্য করতে পারেন ওয়ার্নার, ফিঞ্চ আর ম্যাক্সওয়েলের মতো মারকুটে ব্যাটসম্যানরা। এদের বিরুদ্ধে কি বিশেষ কোনো পরিকল্পনা আছে শ্রীলঙ্কার?
ম্যাচের আগের দিন শনিবারের সংবাদ সম্মেলনে ম্যাথিউস জানান, অবশ্যই তাদের থামাতে প্রস্তুত তার বোলাররা।
"আমি বলতে চাচ্ছি, তাদের সব ব্যাটসম্যানেরই কিছু ভিডিও দেখেছি আমরা। তাদের সবার বিরুদ্ধেই কিছু পরিকল্পনাও আছে আমাদের। …আশা করছি পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারব এবং দেখি কে ভালো পারে।"
বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে ফেভারিটদের তালিকায় রাখেননি অনেকেই। তবে এখন শ্রীলঙ্কাকে দেখে মনে হচ্ছে, শিরোপা জয়ের দাবিদার তারাও। ম্যাথিউস ফেভারিট-তত্ত্বে যেতে চাননি, তবে সময় মতো দলের জ্বলে ওঠায় খুশি তিনি।
"আমরা (বিশ্বকাপের আগে) ভালো ক্রিকেট খেলিনি। তবে আমি মনে করি, আমরা নিজেদের ফিরে পাচ্ছি এবং আমি মনে করি, ঠিক সময়েই আমরা নিজেদের ফিরে পাচ্ছি।"
টপঅর্ডার ব্যাটসম্যানরা ফর্মে ফিরেছেন এবং ভালো করছেন বলেই শ্রীলঙ্কা ভালো করছে বলে মনে করেন ম্যাথিউস।
