ক্লার্কের কাছে শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ
বিশ্বকাপ শুরুর আগে ফেভারিট তালিকায় শ্রীলঙ্কার নাম অনেকেই রাখেননি। তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে, নিজেদের শিরোপা জয়ের দাবিটা ততই জোরালো করে তুলছে গত দুই বারের রানার্সআপরা। অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কও মনে করেন, শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ।
রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ক্লার্ক এশিয়ার দেশের শক্তিমত্তা নিয়ে কথা বলেন। ক্লার্কের কাছে বিশ্বকাপে এলেই শ্রীলঙ্কা অন্যরকম এক দলে রূপ নেয়।
"আমি বলতে চাই, বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অনেক সাফল্য আছে। তারা অন্য যেকোনো দলের মতোই কঠিন হবে। তারা সেরা খেলাটা খেললে, তাদের হারানো সবসময়ই কঠিন।"
শ্রীলঙ্কাকে কেন এক কঠিন প্রতিপক্ষ মনে করছেন, ক্লার্ক সেই ব্যাখ্যাও দেন।
"অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তারা। তাদের কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে।"
শ্রীলঙ্কার বিশ্ব মানের এই খেলোয়াড়দের অন্যতম কুমার সাঙ্গাকারা। তিনি একাই একটি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
"আমি যাদের বিপক্ষে খেলেছি, তাদের সবার মতো সাঙ্গাকারাও ভালো খেলোয়াড়। অসাধারণ এক ব্যাটসম্যান সে।"
