২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য ২৫০ রানই যথেষ্ট মনে করেন মিসবাহ

রান উৎসবের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সবাইকে চমকে দেওয়ার মতো একটা কথা বললেন মিসবাহ-উল হক। আগে ব্যাট করে আড়াইশ’ বা এর কিছু বেশি রান করতে পারলেই তার দল জিততে পারবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2015, 03:19 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে এই ম্যাচের আগে মিসবাহকে এমন বিশ্বাস এনে দিয়েছে তার বোলারদের দারুণ ফর্মে থাকার বিষয়টি। 
 
পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যানরা খুব একটা ফর্মে নেই। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে তাদের ব্যর্থতার কারণেই ডুবতে হয় পাকিস্তানকে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ২৩৫ রান করার পরও দারুণ বোলিংয়ের কল্যাণে ২০ রানের জয় পায় তারা। 
 
এর জন্যই হয়ত বড় দলগুলো প্রায় প্রতি ম্যাচেই তিনশর ওপরে রান করলেও মিসবাহর ভাবনাটা অন্যরকম। 
 
শুক্রবার সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, "আমরা জানি, আমাদের এমন একটি বোলিং আক্রমণ আছে, যদি ২৫০ অতিক্রম করতে পারি তাহলে বিশ্বের কোনো দলই শান্তিতে তা তাড়া করতে পারবে না।”
 
তবে টপঅর্ডাররা একটু ভালো করলে পাকিস্তানও যে কোনো দলের বিপক্ষে তিনশ’ রানের বেশি তুলতে পারে বলে মনে করেন মিসবাহ।