নাফিসের শতক, হার এড়াতে লড়ছে চট্টগ্রাম
বরিশাল বিভাগের কাছে ইনিংস হার এড়াতে লড়ছে চট্টগ্রাম বিভাগ। ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে দলটি।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে মোসাদ্দেকের দ্বিশতকে চড়ে প্রথম ইনিংসে ৫৯৭ রান তোলে বরিশাল। আর চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৯ রানে।
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির দুই নম্বর মাঠে বুধবার তৃতীয় দিনের খেলা শেষে বরিশালের চেয়ে ১০৫ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম বিভাগ।
ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বৃহস্পতিবার চতুর্থ ও শেষ দিনের খেলা চট্টগ্রাম শুরু করবে দুই অপরাজিত ব্যাটসম্যান আব্দুল্লাহ আল মামুন (২৯) ও তাসামুল হকের (৩) হাত ধরে।
আগের দিনের ১৪২/২ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম। কিন্তু বরিশালের বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। চট্টগ্রামের নাফিস ইকবাল সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন।
প্রথম ইনিংসে সোহাগ গাজী পাঁচ উইকেট নিয়ে বরিশালের সফল বোলার।
ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম ইনিংসে শতক করা নাফিসকে ফেরান নাসুম আহমেদ। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইয়াসির আলিকে এলবিডব্লিউর ফাঁদে আটকে দেন সোহাগ।
