২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটেই সমালোচনার জবাব গেইলের

দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন ক্রিস গেইল, ওয়ানডেতে তার ব্যাট থেকে তিন অঙ্কের ইনিংস এসেছিল প্রায় ১৮ মাস আগে। চারিদিক থেকে আসা তীব্র সমালোচনায় যেন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটসম্যানের। জিম্বাবুয়ের বোলারদের পিটিয়ে সেইসব সমালোচনারই জবাব দিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 02:23 AM

Updated : 25 Apr 2022, 01:04 PM

মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার ম্যানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন। ১৪৭ বলে ২১৫ রান করার পথে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতক করার রেকর্ডও গড়েন তিনি। চমৎকার এই ইনিংসের পথে গড়েন আরও অনেক রেকর্ড।

২০১৩ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলার পর থেকেই ওয়ানডেতে তার রান খরার শুরু। গত দুই বছরে ওয়ানডেতে তার রানের গড় ছিল যথাক্রমে ১৯.৪৩ ও ২২.৩৩। যেখানে ক্যারিয়ারে তার ওয়ানডে গড় ৩৭.৪৪।

গেইলকে শুধু বিরক্তিকর পিঠের চোট নয়, সমালোচনার সঙ্গেও লড়াই করতে হয়েছে। ভক্ত থেকে শুরু করে তার দেশের ক্রিকেট বোর্ডের সভাপতিও গেইলকে সমালোচনার লক্ষ্য করেছেন। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গেইল জ্বলে উঠতে ব্যর্থ হওয়ার পর তাকে ‘অবসর প্যাকেজ’ দেওয়ার আহ্বান জানানো একটি টুইট আবার রিটুইট করেন বোর্ড প্রধান। ডেভিড ক্যামেরন অবশ্য বার্তাটি মুছে ফেলেছেন, ক্ষমাও চেয়েছেন। কিন্তু তার এই কাজ গেইলের ওপর ছাপ রেখে গেছে।

ম্যাচের পর গেইল বলেন, “একজন খেলোয়াড় হিসেবে এটা কোথা থেকে এসেছে তা দেখে আপনি হতাশ হবেন। বিশ্বকাপে আপনার সমর্থনের দরকার আছে, আর সমর্থন পাওয়াটা চমৎকার ব্যাপার। নেতিবাচক কোনোকিছুর দরকার নেই।”

১০ টি চার ও ১৬টি ছক্কার সাহয্যে বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করার রেকর্ড গড়লেও তাকে এখনও নিয়মিত চোটের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে বলে জানান গেইল। চোটের কারণে অনেক শট এখনও তিনি খেলতে পারছেন না।

গেইল বলেন, তার চোট ‘সেরে ওঠার মতো নয়’। এর অর্থ হলো, চাইলেই তিনি জিমে যেতে পারবেন না।

“সত্যি কথা বলতে, আমি একটা অস্বস্তিকর অবস্থায় আছি। মানসিকভাবে শক্ত হওয়াটাই আমাকে সামনে এগিয়ে নিচ্ছে।”

একদিকে চোট, অন্যদিকে খারাপ ফর্মের সমালোচনার জন্যে লক্ষ্য স্থির রাখাটাই তার পক্ষে কঠিন ছিল বলে জানান গেইল। ইনিংস শেষের প্রতিক্রিয়ায় প্রচণ্ড চাপে থাকার কথা জানান তিনি।

“আন্তর্জাতিক ক্রিকেটে খেলার শুরু থেকে এই প্রথম আমি এত মেসেজ পেয়েছি। মনে হচ্ছিল, আমার শত্রুরাও আমার ভালো করা দেখতে চায়। বিশ্বজুড়ে আমি অনেক মানুষকে আনন্দ দিয়েছি এবং মনে হচ্ছে, সবাই চায় আবার আমি তাই করি।”