উইন্ডিজ ম্যাচে ফিল্যান্ডারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারনন ফিল্যান্ডারকে পাবে না দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন এই মিডিয়াম পেসার।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মাদ মোসাজে জানান, সোমবারের স্ক্যান রিপোর্ট দেখে তারা নিশ্চিত হয়েছেন ফিল্যান্ডার হ্যামস্ট্রিংয়ের (গ্রেড-১) চোট পেয়েছেন এবং এ চোট থেকে সেরে উঠতে সাধারণত এক সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগে।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা শুক্রবার সিডনিতে মুখোমুখি হবে। এ ম্যাচের আগে তাই ফিল্যান্ডারের সেরে ওঠার সম্ভাবনা নেই। মোসাজেও নিশ্চিত করেছেন, গেইলদের বিপক্ষে খেলা হবে না ২৯ বছর বয়সী এই পেসারের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত রোববার ভারতের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোট পান ফিল্যান্ডার। ওই ম্যাচে মাত্র চার ওভার বোলিং করতে পেরেছিলেন এই ডান-হাতি মিডিয়াম পেসার। মেলবোর্নের ওই ম্যাচে তার দলও ভারতের কাছে হেরে যায় ১৩০ রানের বড় ব্যবধানে।
